২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাফ চেয়ে সাজা থেকে রেহাই পেলেন আইনজীবী হেলাল

অশোভন আচরণ করে পাঁচ দিনের কারাদণ্ড পাওয়ার পর মাফ চেয়ে রেহাই পেলেন ঢাকার আদালতের এক আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম হেলালকে বৃহস্পতিবার পাঁচ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ নুরুন্নাহার বেগম শিউলি।

পরে আইনজীবীদের ব্যাপক দেনদরবার ও বিচারকদের সঙ্গে বৈঠকের পর তিনি সাজার আদেশ প্রত্যাহার করে নেন।

ব্যাংক চেক প্রত্যাখ্যানের এক মামলার রায়ে গত বুধবার আসামি জাহিদ হাসান বাবুকে আট মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জারিমানার আদেশ দেন বিচারক নুরুন্নাহার। ওই মামলায় আসামির আইনজীবী ছিলেন হেলাল।

হেলালসহ তিন আইনজীবী বৃহস্পতিবার সকালে বিচারকের খাস কামরায় গিয়ে রায়ের বিষয়ে জানতে চান এবং কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে হেলাল অশোভন আচরণ করলে তাকে সাজার আদেশ দেন বিচারক।

এর পরপরই আইনজীবী সমিতির পক্ষ থেকে মীমাংসার জন্য দেন দরবার শুরু হয়।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ হেমায়েত হোসেন জানান, বিষয়টি নিয়ে মহানগর দায়রা জজ ফজলুল হক ও নুরুন্নাহার বেগমের সঙ্গে আলোচনা করেন ঢাকা বারের সাবেক ও বর্তমান নেতারা।

ওই বৈঠকে হেলাল ‘ভুল স্বীকার করে ক্ষমা চাইলে’ বিচারক আদেশ প্রত্যাহার করে নেন বলে জানান তিনি।

পুরনো খবর:

বিচারকের সঙ্গে অশোভন আচরণ, আইনজীবীর সাজা