শরীয়তপুরে আ.লীগ নেতাকে তুলে নিয়ে হত্যা
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আব্দুর রাজ্জাক মাতবর (৫৫) বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের মেহের আলী মাতবর কান্দি গ্রামের হোসেন মাতবরের ছেলে।
জাজিরা থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, শনিবার গভীর রাতে উপজেলার জাজিরা ইউনিয়নের জব্বর আলী আকন কান্দি এলাকায় পদ্মার পাড় থেকে রাজ্জাকের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুলতান কাজি, নুরুজ্জামান কাজি ও শহর আলী ফকির নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
ওসি বলেন, শনিবার রাত ৮টার দিকে বিলাসপুর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় সশস্ত্র দুর্বৃত্তরা আব্দুর রাজ্জাককে ট্রলারে করে তুলে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে রাজ্জাক মাতবরের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেয়।
পরে রাত ১১টার দিকে জব্বর আলী আকন কান্দি এলাকার পদ্মা নদীর পাড় থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা ধরে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে।”
বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস কুদ্দুস ব্যাপারী অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে জলিল মাতবর, কামাল হওলাদার, মোস্তাফা হাওলাদার, মজিবুর মোল্লা, জাহাঙ্গীর হাওলাদার ও তাদের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।
