অতিরিক্ত যাত্রী ওঠানোয় লঞ্চের ছাড়পত্র বাতিল
অতিরিক্ত যাত্রী ওঠানোয় পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি লঞ্চের চলাচলের অনুমোদন বাতিলের পাশাপাশি এর মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এমভি কুয়াকাটা-১ নামে ওই লঞ্চটি শুক্রবার বিকালে পটুয়াখালী ঘাট ছাড়ার পর মাঝ নদীতে যাত্রী তুলেছিল বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পটুয়াখালী নদী বন্দরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,পটুয়াখালী লঞ্চঘাট ছাড়ার পর লোহালিয়া নদী থেকে বগা টার্মিনাল পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্ট ট্রলার ও নৌকার সাহায্যে মাঝনদীতে যাত্রী উঠিয়েছিল কুয়াকাটা-১।
“ডবল ডেকারের একটি লঞ্চ তার চলার গতি রেখে নৌকা বা ট্রলার থেকে যাত্রী উঠানোর সময় অনেককে মৃত্যুঝুঁকিতে ফেলেছিল।”
এই কারণে নৌ বন্দর কর্তৃপক্ষ শুক্রবার রাতেই লঞ্চটির ‘রুট পারমিট’ বাতিল করে বলে রাজ্জাক জানিয়েছেন।
এছাড়া কুয়াকাটা-১ লঞ্চের মালিক কালাম খান, সারেং ও সুকানির বিরুদ্ধে নৌ আদালতে মামলা হয়েছে বলে জানান তিনি।
ঈদুল ফিতরে মাওয়ায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি লঞ্চ ডুবে প্রায় একশ’ মানুষের মৃত্যুর পর এবার ঈদুল আজহার সময় নৌ চলাচলে কড়া নজরদারি রাখার কথা কর্তৃপক্ষ বলে আসছিল।
অতিরিক্ত যাত্রী উঠানোর দায়ে চাঁদপুর লঞ্চঘাটে এমভি আব-এ-জমজম নামের একটি লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুর বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সেদিকে নজর রাখা হচ্ছে।
বরিশালে দুটি লঞ্চের ছাড়পত্র বাতিল
অতিরিক্ত যাত্রী বহন করায় অভিযোগে দুটি লঞ্চের ‘রুট পারমিট’ বাতিল করেছে বিআইডব্লিউটিএ।
এগুলো হল- এমভি পূবালী-১ ও এমভি সুন্দরবন-২। পূবালী-১ ঢাকা-রায়েন্দা এবং সুন্দরবন-২ ঢাকা-ঝালকাঠী রুটে চলাচল করে।
শনিবার রাতে দুটি লঞ্চই যাত্রী নিয়ে ঢাকার পথে রওনা হয়েছিল।
যাত্রীদের অভিযোগের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ দুটির যাত্রা বাতিলের পাশাপাশি ‘রুট পারমিট’ও বাতিল করা হয় বলে বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শহীদ উল্ল্যাহ জানিয়েছেন।
এমভি পূবালী-১ লঞ্চটিকে বরিশাল নৌ বন্দরে আটকে রাখা হয়েছে। তবে সুন্দরবন-২ লঞ্চটি ঘাট ছেড়ে যাওয়ায় এটিকে আটকাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।
পূবালী-১ লঞ্চের আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শহীদ উল্ল্যাহ জানিয়েছেন।
