গজারিয়ায় সংঘর্ষে নিহত ১
এলাকায় আধিপত্য নিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঈদের দুদিন আগে শনিবার রাতে বালুয়াকান্দির তেতুইতলায় এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নিহত মনসুর প্রধান (৬৬) বালুয়াকান্দির সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধানের চাচা। উপজেলা নির্বাচনের সময় গত ২৩ মার্চ আওয়ামী লীগ সমর্থক দু’পক্ষের সংঘর্ষে শামসুদ্দিন নিহত হন।
শামসুদ্দিনের স্ত্রী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মর্জিনা বেগম দাবি করেছেন,তার স্বামীর হত্যামামলার আসামিরাই এই হামলা চালিয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, “আসামি পক্ষ হামলা চালিয়ে আমার চাচাশ্বশুরকে হত্যা এবং আরও অনেককে আহত করেছে।”
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিরুল ইসলামের পক্ষে কাজ করেছিলেন শামসুদ্দিন।
হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী মর্জিনা যে মামলা করেন, তাতে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকেও আসামি করা হয়।
ওই আসামিদের কয়েকজন জামিনে ছাড়া পেয়ে এলাকায় মহড়া দিতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জামিনে বেরিয়ে আসা গজারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বোরহান ভূইয়া সাংবাদিকদের বলেন,সপ্তাহ দুয়েক আগে তিনিসহ সব আসামি আদালত তেকে জামিন পান।
সংঘর্ষের জন্য প্রধানদের দায়ী করে তিনি বলেন, “রাতে জুয়েল প্রধান আমাদের পক্ষের নুরে আলম ভূইয়ার বাড়িতে হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়।”
পুলিশ ও স্থানীয়রা জানায়, আসামি পক্ষের জাকারিয়া দেওয়ান ও বোরহান ভূইয়াসহ অন্যরা কোরবানির ঈদকে সামনে রেখে এলাকায় মহড়া দিলে তাতে ক্ষোভের সৃষ্টি হয় মামলার বাদী পক্ষের মধ্যে।
তারা বলেছে, চেয়ারম্যান বাড়ির সামনের রাস্তায় মনসুরের রক্তাক্ত নিথর দেহ প্রায় আধা ঘণ্টা পড়েছিল। কিন্তু পুলিশ গিয়েও সংঘর্ষের কারণে তাকে উদ্ধার করতে পারছিল না।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকে হটিয়ে দিয়ে রাত ১১টার দিকে মনসুরকে উদ্ধার করে।
রক্তাক্ত অবস্থায় মনসুরকে ভবের চরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।
মনসুরের গায়ে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। তারা হলেন- রহিম (২৫), সাব্বির (২৮), মিরাজ (২৪), সেলিম (৩০), ডালিম (৩২), হোসনেয়ারা বেগম (৫৫), সুমন দেওয়ান (৩০), মানিক দেওয়ান (২৪), নাসিমা আক্তার (৩৫), রাজিয়া সুলতানা (৩৮), জাকারিয়া (৫০)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বালুয়াকান্দিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
