২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গজারিয়ায় ইউপি চেয়ারম্যান নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের সময় হামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 12:21 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

নিহত শামসুদ্দিন প্রধান (৬৫) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

জেলার রির্টানিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান,  রোববার বেলা ১১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ড. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে ওই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। নিরাপত্তাকর্মীরা তা মিটমাটও করে দেয়।

পরে বেলা ১১টার দিকে কেন্দ্রের এক পাশে দাঁড়িয়ে থাকা শামসুদ্দিনের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে বিদ্রোহী প্রার্থী তোতার সমর্থকরা।

শামসুদ্দিন ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক।

উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান বলে রিটার্নিং কর্মকর্তা সারওয়ার মুর্শেদ জানান।

এই হামলায় শামসুদ্দিনের চার ভাতিজাও আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনার পর কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সেনাবাহিনী, বিজিবি, আনসার ছাড়াও বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়।

এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বেলা ১২টার দিতে তেতুইতলা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে। ফলে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানযট।

ভবের চর পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, আধা ঘণ্টা পর সেনাবাহিনী এলাকাবাসীকে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

আট কেন্দ্র স্থগিত

সহিংসতায় ইউপি চেয়ারম্যানের মৃত্যুর পর বালুয়াকান্দি ড. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এছাড়া গুয়াগাছিয়ার শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৮ নম্বর বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০ নম্বর পইক্ষার পার সরকারি প্রাথমিক বিদ্যালয়,লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়  কেন্দ্রে ভোট স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তারা।

রির্টানিং অফিসার সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, “কেন্দ্র দখল, সহিংসতা ও ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার কারণে এসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।”

সকাল সাড়ে ৯টায় টেংঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতার সমর্থকদের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এ সময় ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।

বেলা ১১ টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতার সমর্থকরা মধ্য বাউশিয়া সরকাররি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে গেলে পুলিশ ধাওয়া দেয়।

পরে উত্তেজিত সমর্থকরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টেংঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমামপুর বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দুই পক্ষের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

দুপুরে ইসলামী চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় মিজানুর রহমান (৩৮) নামের একজনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।