২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গজারিয়ায় ফের সংঘর্ষ, প্রার্থীর স্ত্রী গুলিবিদ্ধ

সহিংসতায় একজন নিহতের পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোট গ্রহণের শেষ মুহূর্তে ফের সংঘর্ষে এক প্রার্থীর স্ত্রী গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 07:58 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। এ নিয়ে উপজেলার নয়টি কেন্দ্রে ফলাফল স্থগিত করা হলো।

এর আগে সকালে উপজেলার বালুয়াকান্দি ড. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের হামলায় বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান (৬৫) নিহত হন।

কেন্দ্র দখল, সহিংসতা ও ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার কারণে উপজেলার আট কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

সহকারী রির্টানিং অফিসার ও গজারিয়ার ইউএনও এটিএম মাহবুব-উল-করিম জানান, বাউশিয়ার পোড়াচক বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তিন হাজার ৫৮ ভোটের মধ্যে প্রায় ২৮শ’ ভোট কাস্ট হয়।

শেষ মুহূর্তে একটি পক্ষ জোর করে আরো প্রায় ৩শ’ ভোট সিল মেরে বাক্সে ভরে। তাই বাধ্য হয়ে কেন্দ্রের ভোট বাতিল করে প্রিসাইডিং অফিসার সরঞ্জামাদিসহ কেন্দ্র থেকে ফেরার পথে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার প্রায় ৫শ’ সমর্থক তাদের আটকায়।

তারা ভোট গণণা করে ফলাফল ঘোষণার জন্য চাপ দেয়।

এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্ায়ে উপস্থিত সেনাবাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সরঞ্জামাদিসহ প্রিসাইডিং অফিসার উপজেলা সদরে ফিরে আসেন।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ লাকী বেগমকে ঢাকা মেডক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থগিত অপর আট কেন্দ্র হলো বালুয়াকান্দি ড. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ, গুয়াগাছিয়ার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৮ নম্বর বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০ নম্বর পইক্ষার পার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়।