২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ জট, দুর্ভোগে যাত্রীরা

গাজীপুরের চন্দ্রাসহ আশপাশের প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

টাঙ্গাইল প্রতিনিধি

গাজীপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 12:27 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

মহাসড়কে দায়িত্বরত পুলিশ বলছে, শুক্রবার রাত থেকে একাধিক সড়ক দুর্ঘটনা, গরুবোঝাই ট্রাক ও ঈদ-উল আযহার আগে বাড়ি ফেরা মানুষের চাপে মহাসড়কে যানজট কমছে না। এতে বিড়ম্বনায় পড়েছেন মূলত উত্তরবঙ্গগামী মানুষ।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো দুর্ঘটনা না ঘটলেও চাপ বেশি থাকায় গাড়ি চলছে অত্যন্ত ধীর গতিতে।

কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে দায়িত্বরত গাজীপুরের সহকারী পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর, নারিন্দা ও সিরাজগঞ্জের কড্ডা এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় যানজটের শুরু।

একই স্থান থেকে সালনা মহাসড়ক থানার ওসি শাহরিয়ার হাসান জানান, বেলা ১১টা পর্যন্ত গাজীপুরের কড্ডা থেকে কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা হয়ে গোড়াই পর্যন্ত এবং কালিয়াকৈর-নবীনগর সড়ক মিলিয়ে ২৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

মহাসড়ক পুলিশের টাঙ্গাইলের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে সময় লাগছে। গরু ভর্তি ট্রাক খালি করে সরাতে হচ্ছে। এছাড়া অন্য সময়ের চেয়ে যাত্রী পরিবহনের চাপও বেশি থাকায় যানজট দেখা দিয়েছে।

চান্দনা চৌরাস্তা মোড় থেকে গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেখানে গাড়ির চাপ বেশি থাকলেও গাড়ি চলাচল অব্যাহত রয়েছে। ভোগড়া বাইপাস মোড়ে ট্রাফিক সিগন্যালিংয়ের জন্যে সময় সময় গাড়ির চাপ বেড়ে যায়।

মাওনা মহাসড়ক থানার ওসি মো. সানোয়ার হোসেন জানান, গাজীপুরের ওই অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফোর লেনের কাজ চলায় যানবাহন অত্যন্ত ধীর গতিতে চলছে।

এদিকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে ত্যক্ত-বিরক্ত যাত্রী ও পরিবহন চালকরা যানজটের জন্য সড়ক ব্যবস্থাপনায় গাফিলতিকে দায়ী করছেন।

জামালপুরগামী হানিফ পরিবহনের বাসের যাত্রী কামাল হোসেন ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার ভোরে ঢাকা থেকে বাসে উঠেছি। ৩ ঘণ্টায়ও শ্রীপুর পৌঁছাতে পারিনি।”

ট্রাফিক পুলিশ কর্মকর্তা সাখাওয়াত জানান, যানজট নিরসনে গাজীপুরের ৪২টি পয়েন্টে ৪২টি টিম কাজ করছে। তার মধ্যে ১৯টি মোটরসাইকেল ও ৬টি গাড়ির টিম কাজ করছে।

কালিয়াকৈর, মাওনা, চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় ১৪টি আইপি ক্যামেরা এবং টঙ্গী, ভোগড়া ও চন্দ্রা এলাকায় তিনটি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।

এছাড়া আট শতাধিক পুলিশের বাইরে আরো কয়েকশ কমিউনিটি পুলিশও কাজ করছে বলে জানান তিনি।