২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন না পেয়ে বিচারককে জুতা নিক্ষেপ

জামিন না পেয়ে ক্ষিপ্ত হয়ে বিচারকের দিকে জুতা ছুড়ে মেরেছেন ধর্ষণ মামলার এক আসামি।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2014, 09:32 PM

Updated : 25 Apr 2022, 04:45 PM

এই অপরাধে উমর আলী শেখ নামের ওই আসামিকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এজলাসে বিচার কার্যক্রম চলার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুরের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম।

“আদালত চলাকালে নারী নির্যাতন মামলার আসামি উমর আলী (৬০) জামিন না পেয়ে উত্তেজিত হয়ে বিচারক একেএম এনামুল হককে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন।”

এক কিশোরীকে চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে আছেন কবিরাজ উমর আলী শেখ।

সোমবার উমর আলীর জামিনে আবেদনের শুনানি ছিল। শুনানি শেষে বিচারক আবেদন নাকচ করে দিলে কাঠগড়ায় থাকা উমর আলী বিচারকের দিকে জুতা ছুড়ে মারেন।

পরে পুলিশ তাকে আদালতের বারান্দায় নিয়ে একটি বেঞ্চের সঙ্গে হাতকড়া পরিয়ে আটকে রাখে।

আদালতের বারান্দায় উমর আলী সংবাদিকদের বলেন, তিনি অসুস্থ এবং গত ১০ মাস ধরে জেলে আছেন। জামিন না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, মেলান্দহ উপজেলার থুরি টনকিপাড়া গ্রামের এক কিশোরীকে চিকিৎসা দেয়ার কথা বলে ঢাকা ও আশুলিয়ার বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন উমর আলী শেখ।

ওই ঘটনায় কিশোরীর বাবা ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর উমর আলীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।