শেরপুর উপজেলা নির্বাচন বৃহস্পতিবার
শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
নির্বাচনে ১৪০টি কেন্দ্রের মধ্যে সবকটিকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা নির্বাচন অফিস।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আইরীন ফারজানা জানান, নির্বাচনে ১৪০টি কেন্দ্রে ৯৫২টি বুথে ৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচনে সকল কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। পুলিশের ৩৮টি মোবাইল ফোর্স, ১৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, এ নির্বাচনে ১৬৮০ জন আনসার, ১৩০০ জন পুলিশ, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব এবং ২ প্লাটুন সেনা সদস্য নিয়োজিত থাকবে।
বিশেষ পরিস্থিতির জন্য আরো ১০০ পুলিশ সদস্য রিজার্ভ থাকবে বলে জানান তিনি।
নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী ইলিয়াস উদ্দিন কাপ-পিরিচ, আওয়ামী লীগ সমর্থিত ছানোয়ার হোসেন ছানু দোয়াত-কলম ও বিএনপি সমর্থিত সিরাজুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বায়োজিদ হাসান তালা, বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু উড়োজাহাজ, বিএনপি সমর্থিত শফিকুল ইসলাম চশমা প্রতীক নিয়ে লড়ছেন।
নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত শামীম আরা শামীমা হাঁস, বিএনপি সমর্থিত প্রার্থী সুলতানা রাজিয়া ফুটবল ও স্বতন্ত্র আয়শা খাতুন কলস প্রতীক নিয়ে ভোটে লড়ছেন।
চতুর্থ পর্যায়ে গত ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করা সংক্রান্ত মামলায় এতদিন উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত ছিল।
