২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বন্যার পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কলেজে যাওয়ার পথে বন্যার পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 03:17 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বুধবার সকাল ৯টার দিকে পরমেশ্বর্দী ইউনিয়নের তামারহাজীবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে বোয়ালমারী শাহজাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন জানান।

সালাউদ্দিন (১৬) ওই কলেজের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে অধ্যক্ষ বলেন, বন্যার পানিতে ওই গ্রামের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। এ কারণে চলাচলের জন্য ‘তালের ডোঙ্গা’ ব্যবহার করছে গ্রামবাসী।

মোহাম্মাদ আলী শেখের ছেলে সালাউদ্দিন সকালে বন্যার পানি পার হয়ে কলেজে আসার সময় তার ডোঙ্গা ডুবে যায়। সাঁতার না জানায় সালাউদ্দিনও তলিয়ে যায়।

পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করার আগেই ওই কিশোরের মৃত্যু হয়।

অধ্যক্ষ জানান, সালাউদ্দিন কৃষিকাজ করে নিজের পড়াশোনার খরচ চালাত। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়।