২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালু হত্যা: শাওনসহ আসামি ৬

রাজধানীর শ্যামপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিয়াজুল ইসলাম লালু হত্যার ঘটনায় স্থানীয় ওলামা লীগ নেতা নূর নবী শাওনসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

লালুর স্ত্রী ডলি বেগম বৃহস্পতিবার রাতে কদমতলী থানায় এই মামলা দায়ের করেন বলে উপ পরিদর্শক শহীদুর রহমান জানান।

মামলার প্রধান আসামি ইউনিয়ন ওলামা লীগের সাধারণ সম্পাদক নূর নবী শাওনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বাকি পাঁচ আসামি হলেন- শওকত (৩৫), আবুল (৩৫), জাহাঙ্গীর (৪৫), মোতালেব (৩৪) ও কামাল শিকদার (৪৫)।

তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে উপ পরিদর্শক শহীদুর রহমান জানান।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লালুকে বুধবার রাতে শ্যামপুরের কালা মিয়া সরদার রোডে তার ইট-বালু-সিমেন্টের দোকানে গুলি করে হত্যা করা হয়।

ব্যবসায়িক বিরোধ এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন ডলি বেগম।

ঘটনার পর থেকেই লালুর পরিবারের সদস্যরা পুলিশ ও সংবাদ মাধ্যমের কাছে শাওনকে সন্দেহ করার কথা বলে আসছিলেন। তাদের সন্দেহের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

উপ পরিদর্শক শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাওনকে জিজ্ঞাসাবাদ করে হত্যার ঘটনা সম্পর্কে জানার চেষ্টা চলছে।”

স্বেচ্ছাসেবক লীগ ও ওলামা লীগ দুটিই ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা লালু শ্যামপুরের কালা মিয়া সরদার রোডে ‘আল মক্কা ট্রেডিং’ নামে রড-সিমেন্টের একটি দোকান চালাতেন। ওলামা লীগ নেতা শাওনেরও ওই ব্যবসা রয়েছে একই এলাকায়।

ব্যবসা এবং দলীয় কোন্দল নিয়ে দীর্ঘ দিন ধরে দুজনের বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও করেছেন তারা।

নিহতের ভগ্নীপতি মুকুল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল।

কী দ্বন্দ্ব- জানতে চাইলে তিনি বলেন, “আপনি এলাকার মানুষকে জিজ্ঞাসা করলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।”

মো. সেলিম নামে স্থানীয় একজনের কাছে জানতে চাইলে তিনিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাওনের ব্যবহার খারাপ বলে তার দোকান থেকে কেউ কিনত না। আর সে দামও বেশি রাখত।

“মানুষ লালুর দোকান থেকে কিনত, আর শাওনের বিষয়ে নালিশ করত। দোকান থাকলেও মূলত চাঁদাবাজি ছিল শাওনের মূল উদ্দেশ্য, ব্যবসা করা নয়।”

“আমি যদি ব্যক্তিগতভাবে বলি, তাহলে বলব, শাওন ছাড়া একাজ (খুন) কারো পক্ষে করা সম্ভব নয়,” বলেন সেলিম।

মুকুল বলেন, “শাওন এলাকায় চাঁদাবাজি করত, আর তাতে বাধা দিত লালু। কিছুদিন আগে একজনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল শাওন, লালু তাতে বাধা দিয়েছিল।”

শ্যামপুর কমিশনার রোডের এক বাসিন্দা বলেন, সন্ত্রাসের জের ধরে চার/পাঁচ বছর আগে হজরত নামে আরেক সন্ত্রাসী শাওনের বাম হাতের চারটি আঙুল কেটে দিয়েছিল।

কদমতলী থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তারা বুধবার রাতেই শাওনকে গ্রেপ্তার করেন।

ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মহিউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজি - দুটি বিষয় সামনে রেখে আরো কয়েকটি বিষয় আমলে নিয়ে পুলিশ তদন্ত করছে।”

পুরনো খবর:

লালু খুনের পেছনে দলীয় নেতার সঙ্গে ‘দ্বন্দ্ব’
শ্যামপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা