শ্যামপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা
রাজধানীর শ্যামপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে দোকানে ঢুকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত রিয়াজুল ইসলাম লালু (৩৪) শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
হাজী আশরাফ করিম রোডে তিনি ইট-বালু-সিমেন্টের ব্যবসা করতেন বলে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার রাত ৮টার দিকে লালুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালুর স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে মোজাম্মেল বলেন, “একদল সন্ত্রাসী সন্ধ্যা সোয়া ৭টার দিকে আল মক্কা এন্টার প্রাইজ নামের ওই দোকানে ঢুকে লালুকে গুলি করে চলে যায়।”
সম্প্রতি রাজধানীতে কয়েকটি খুনের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মধ্যেই খুন হলেন লালু।
নিহতের চাচা জাকির হোসেন ঢাকা মেডিক্যালে সাংবাদিকদের বলেন, লালুই ওই দোকানের মালিক। ঘটনার সময় দোকানে আর কেউ ছিল না।
“দোকানের সামনে কাচে ঘেরা একটি কাউন্টার রয়েছে, দেখতে অনেকটা টিকেট কাউন্টারের মতো। ওই কাউন্টারের ফাঁক দিয়ে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। দুজন দুর্বৃত্তের মধ্যে একজনের গায়ে লাল গেঞ্জি ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।”
কারা এই হত্যাকাণ্ড চালিয়ে থাকতে পারে- জানতে চাইলে সাবেক সাংসদ সানজিদা খানম বলেন, “এখানে স্বেচ্ছাসেবক লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কমিটি নিয়ে কোনোদিন কোনো ধরনের অভিযোগ শুনিনি।”
তিনি জানান, গত ১৫ অগাস্ট শোক দিবসে লালু নেতা-কর্মীদের নিয়ে বড় একটি মিছিলের ব্যবস্থা করেছিলেন। জনপ্রিয়তার কারণে মিছিল-মিটিংয়ে ‘অনেক মানুষ’ জোগাড় করতে পারতেন তিনি।
দুই ভাই, তিন বোনের মধ্যে লালু ছিলেন সবার বড়। তাদের বাবার নাম মোক্তার হোসেন। দুই ছেলে আর স্ত্রী ডলি আক্তারকে নিয়ে হাজী আশরাফ করিম রোডেই থাকতেন তিনি।
লালুর মৃত্যু খবর পেয়ে দলের নেতা-কর্মী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন।
এর আগে গত ৯ অগাস্ট রাতে পশ্চিম আগারগাঁওয়ে নিজের বাসার সামনে গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, যিনি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হতে ইচ্ছুক ছিলেন।
গত ২৭ অগাস্ট রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এর একদিনের মাথায় মগবাজারের সোনালীবাগে এক বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয়।
এরপর এক সপ্তাহ না পেরুতেই ৪ সেপ্টেম্বর রাতে খিলগাঁওয়ের গোড়ান ফায়ার সার্ভিস স্টেশনের সামনের রাস্তায় মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী ইসরাইল হোসেন ও তার ছেলে শরীফ হোসেন সায়মনকে গুলি করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা । হাসপাতালে নেওয়ার পর সায়মনের মৃত্যু হয়।
এসব ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সমালোচনার মুখে পড়লেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সম্প্রতি দাবি করেন, পরিস্থিতি ‘স্বাভাবিক’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব দেশেই এ ধরনের ঘটনা কিছু না কিছু ঘটে। তা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়।”
