লালু খুনের পেছনে দলীয় নেতার সঙ্গে ‘দ্বন্দ্ব’
ব্যবসায়িক বিরোধ থেকে ঢাকার শ্যামপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম লালু খুন হন বলে তার স্বজনদের অভিযোগ।
এজন্য তারা দায়ী করছেন ইউনিয়ন ওলামা লীগের সাধারণ সম্পাদক নূর নবী শাওনকে, যাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বেচ্ছাসেবক লীগ ও ওলামা লীগ দুটিই ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন। এদের একটির নেতা লালুকে একদিন আগে তার দোকানে ঢুকে গুলি চালিয়ে হত্যা করা হয়।
শ্যামপুরের কালা মিয়া সরদার রোডে ‘আল মক্কা ট্রেডিং’ নামে লালুর রড-সিমেন্টের দোকান। ওলামা লীগ নেতা শাওনেরও এই ব্যবসা রয়েছে একই এলাকায়।
এই ব্যবসা নিয়েই দীর্ঘ দিন ধরে দুজনের বিরোধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। তার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে লালুর স্বজনদের অভিযোগ। সেই সঙ্গে শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও করেন তারা।
নিহতের ভগ্নীপতি মুকুল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল।
কী দ্বন্দ্ব- জানতে চাইলে তিনি বলেন, “আপনি এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন, সব কিছু পরিষ্কার হয়ে যাবে।”
মো. সেলিম নামে স্থানীয় একজনের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাওনের ব্যবহার খারাপ বলে তার দোকান থেকে কেউ মাল কিনত না। আর সে দামও বেশি রাখত।
“মানুষ লালুর কাছ থেকে মালামাল কিনত, আর শাওনের বিষয়ে নালিশ করত। দোকান থাকলেও মূলত চাঁদাবাজি ছিল শাওনের মূল উদ্দেশ্য, ব্যবসা করা নয়।”
“আমি যদি ব্যক্তিগতভাবে বলি, তাহলে বলব, শাওন ছাড়া একাজ (খুন) কারো পক্ষে করা সম্ভব নয়,” বলেন সেলিম।
হত্যাকাণ্ডের পর রিয়াজুল ইসলাম লালুর স্বজনদের আহাজারি
শ্যামপুর কমিশনার রোডের এক বাসিন্দা বলেন, সন্ত্রাসের জের ধরে চার/পাঁচ বছর আগে হজরত নামে আরেক সন্ত্রাসী শাওনের বাম হাতের চারটি আঙুল কেটে দিয়েছিল।
কদমতলী থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ তারা বুধবারই শাওনকে গ্রেপ্তার করেন।
ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মহিউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজি - দুটি বিষয় সামনে রেখে আরো কয়েকটি বিষয় আমলে নিয়ে পুলিশ কাজ করছে।”
লালু খুনের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লালুকে বিকালে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
৩৫ বছর বয়সী লালুর ৮ ও ৪ বছরের দুটি ছেলে রয়েছে।
