২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নে তিন কোটি ইউরো দেবে নেদারল্যান্ডস

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তিন কোটি ইউরো অর্থ সহয়তার প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 04:31 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেশটির একটি সরকারি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল কো-অপারেশনের উপ মহাপরিচালক ক্রিশ্চিয়ান রেবার্জের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।

নেদারল্যান্ডসে বছরে বাংলাদেশ ৮৫৮ মিলিয়ন ডলার রপ্তারি করে। অন্যদিকে দেশটি বাংলাদেশে রপ্তানি করে ১৬২ মিলিয়ন ডলার।

নেদারল্যান্ডসের সঙ্গে আরো এক বিলিয়ন ডলারের মতো বাণিজ্য বাড়ার আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, “বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দেশটি ৩০ মিলিয়ন ইউরো সহায়তা দিতে চেয়েছে।”

এছাড়া ভোলায় নদী ভাঙন ঠেকাতে নেদারল্যান্ডস সহায়তার আশ্বাস দিয়েছে জানিয়ে তোফায়েল বলেন, এই জেলায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। রাশিয়া ভোলার ৩ নম্বর গ্যাসকূপে খনন করছে, চতুর্থ কূপও তারা খনন করবে।

গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহী নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস বাংলাদেশে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বলে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন।

তবে কিভাবে, কোথায় দেশটি ওই সমুদ্র বন্দর নির্মাণ করতে চায় সে বিষয়ে কিছু বলেননি তিনি।

তোফায়েল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তাদের (প্রতিনিধি দল) সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিশেষ অর্থনৈতিক অঞ্চল পাচ্ছে জাপান

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন তোফায়েল আহমেদ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে একক দেশ হিসাবে জাপানের কাছ থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে।

“মুক্তিযুদ্ধের সময়েও দেশটি সর্বাত্মক সহযোগিতা করেছে। স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে জাপান আমাদের সব থেকে বেশি সহায়তা করেছে।”

জাপানের বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে যাতে তাদের কারখানা গড়ে তুলতে পারে সেজন্য তাদের একটি বিশেষ অর্থনৈতিক এলাকা দেয়া হবে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশি শিল্পকে যেসব সুবিধা দেয়া হয় জাপানি কোম্পানিগুলোও একই সুবিধা পাবে বলে জানান তিনি।

ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন ডে জং, দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মার্টিন ফন হুগস্ট্রাটেন, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অফিসার লুইস হুইসবেন ও নিকোলে কুপম্যান মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন।