আসছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মন্ত্রীদের বৈঠক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সোমবার ঢাকা আসছেন ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী হর্ষবর্ধন।
রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ সেপ্টম্বর পর্যন্ত সফরে হর্ষবর্ধন উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের নতুন মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে ঢাকা আসছেন হর্ষবর্ধন।
এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং প্রতিমন্ত্রী ভিকে সিং ঢাকা ঘুরে গেছেন।
সফরে ভারতের স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে দেখা করবেন বলে হাই কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সফরকালে প্রাকৃতিক ও হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি বিষয়ে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হবে।
১০ সেপ্টেম্বর শুরু হওয়া সংস্থার আঞ্চলিক কমিটির তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের ৬৭তম অধিবেশনেও যোগ দেবেন তিনি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক এই কমিটির (সিয়েরো) সদস্য হচ্ছে- বাংলাদেশ, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।
সম্মেলনের আনুষ্ঠানিকতার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ইস্যুতে আলাদা আলাদা অধিবেশন হবে। এর মধ্যে অটিজম বিষয়ে অধিবেশন অন্যতম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে অটিজম বিষয়ক কর্মকাণ্ডে জড়িত তার মেয়ে সায়মা হোসেন পুতুলের এ অধিবেশনে যোগ দেয়ার কথা রয়েছে।
