ত্বকী হত্যার বিচার দাবিতে অনশন
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১৮ মাস পূর্ণ হয়েছে শনিবার। এ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রতীক অনশনে অংশ নিয়েছেন ত্বকীর বাবা রফিউর রাব্বিসহ নাগরিক কমিটির সদস্যরা।
শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনশন করা হয়।
অনশন চলাকালে রফিউর রাব্বি বরাবরের মতো তার ছেলে ত্বকীকে হত্যার জন্য আবারো শামীম ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমানকে দায়ী করেন।
তবে সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
রফিউর রাব্বী বলেন, আজমেরী ওসমানের টর্চার সেলেই ত্বকীকে হত্যা করা হয়েছে। এখন উচ্চ মহলের চাপে ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আটকে আছে।
সরকার ও প্রশাসনের ছত্রছায়ায় ত্বকী হত্যার বিচার প্রক্রিয়ায় বিলম্ব করা হচ্ছে বলে রাব্বী অভিযোগ করেন।
এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, স্থানীয় প্রত্রিকা দৈনিক খবরের পাতা সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য জহিরুল ইসলাম, ধীমান সাহা, ন্যাপ নেতা আওলাদ হোসেন, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, বাসদের সমন্বয়ক নিখিল দাস, সিপিবির হাফিজুর রহমান, মহিলা পরিষদের লক্ষী চক্রবর্তী, দুলাল সাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঘঠনের নেতৃবৃন্দ।
পরে দুপুর ১টায় নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করেন।
২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে ত্বকী নিঁখোজ হয়। এর দুই দিন পর (৮ মার্চ) শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলাটি তদন্ত করছে র্যাব।
