২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামকানাই দাশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংগীতজ্ঞ ও লোকসংগীত সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 12:02 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

চলে গেলেন পণ্ডিত রামকানাই দাশ

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রামকানাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, “একুশে পদক এবং বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপসহ অসংখ্য পুরস্কার বিজয়ী এই খ্যাতিমান সংগীত গুরুর মৃত্যুতে দেশের সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।”

দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লোকসংগীত সংগ্রহ করে বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করার ক্ষেত্রে রামকানাই দাশের অবদান জাতি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

সঙ্গীতজ্ঞের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা রামকানাই দাশ।

১৯৩৫ সালে সুনামগঞ্জে জন্ম নেয়া রামকানাই গান গাওয়ার পাশাপাশি গান লিখছেন এবং সুর করেছেন।

১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করে আসা রামকানাইয়ের গানের অ্যালবামগুলো হলো- ‘বন্ধুর বাঁশি বাজে’ (২০০৪); ‘সুরধ্বনির কিনারায়’ (২০০৫); ‘রাগাঞ্জলি’ (২০০৬); ‘অসময়ে ধরলাম পাড়ি’ (২০০৬) এবং ‘পাগলা মাঝি’ (২০১০)।

শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা নিয়ে ‘সরল সঙ্গীত শিক্ষা’ নামে একটি বইও লিখেছেন তিনি।

সংগীতে অবদানের জন্য একুশে পদক ছাড়াও ২০১২ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ‘ফেলোশিপ’ এবং ২০০০ সালে ‘রবীন্দ্র পদক’ পেয়েছেন তিনি।