জাল স্ট্যাম্পসহ সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
গাইবান্ধায় বৃহস্পতিবার সোনালী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তা ও দায়িত্বরত এক আনসার সদস্যকে জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন সোনালী ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখার কর্মকর্তা আবুল কালাম (৫০) ও আনসার সদস্য মঞ্জু মিয়া (২৫)।
শুক্রবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, সোনালী ব্যাংকের ওই শাখায় দীর্ঘদিন ধরে গ্রহকের ঋণ চুক্তিসহ বিভিন্ন কাজে জাল রেভিনিউ স্ট্যাম্প ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা হচ্ছে।
এই কাজটি করতেন ওই শাখার কর্মকর্তা আবুল কালাম ও আনসার সদস্য মঞ্জু মিয়া।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওই ব্যাংক কর্মকর্তাকে হাতেনাতে ছয় হাজার টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও সমমূল্যোর ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ গ্রেপ্তার করে থানায় আনা হয়। এ সময় ওই ঘটনায় জড়িত সন্দেহে আনসার সদস্যকেও গ্রেপ্তার করা হয়।
ওসি জাহিদুল আরো জানান, স্ট্যাম্পগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া স্ট্যাম্প জালিয়াতির সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
