২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাবিতে ১০ মিনিট ‘স্তব্ধ’ রংপুর

পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে ১০ মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে অভিনব এক কর্মসূচি পালন করেছে রংপুরবাসী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 03:50 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এ কর্মসূচির সময় রংপুরের অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজসহ সর্বত্র নেমে আসে ‘পিনপতন’ নীরবতা।

বৃহত্তর রংপুর গ্যাস আন্দোলন কমিটির ডাকে এ কর্মসূচির সময় যে যেখানে ছিলেন সেখানেই কাজ বন্ধ করে নীরবতা পালনে অংশ নেন। দশ মিনিটের জন্য জেলা শহরে বন্ধ হয়ে যায় যানবাহনের চাকা।

এই কর্মসূচির আগে রংপুর প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে গ্যাস আন্দোলন কমিটির আহ্বায়ক ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝণ্টু বলেন, “গ্যাসের দাবি রংপুরবাসীর দীর্ঘ দিনের। গ্যাস না থাকায় এ অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠছে না। দীর্ঘ হচ্ছে বেকারত্বের তালিকা।”

এ দাবিতে এর আগে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং মানববন্ধন করার কথা তুলে ধরে তিনি বলেন, “এরপরও দাবি বাস্তবায়ন না হলে গণ অনশন, পাড়ায় পাড়ায় গণবিক্ষোভ, হরতালের মতো কর্মসূচি দিয়ে রংপুর বিভাগকে অচল করে দেয়া হবে।”

অন্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাস্টার, রংপুর মহানগর দোকান মালিক সমিতির চেয়ারম্যান কাজী মো. জুন্নুন, মহাসচিব রেজাউল ইসলাম মিলন, রংপুর প্রেসক্লাব সভাপতি এ কে এম ফজলুল হক, রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জেলা আহ্বায়ক এমএ বাশার টিপু সমাবেশে বক্তব্য দেন।