তিন বছরে পার্বত্য সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন-কাদের
আগামী তিন বছরের মধ্যে পার্বত্য জেলাগুলোর সড়ক যোগাযোগে ‘বৈপ্লবিক পরিবর্তন’ আসবে বলে দাবি করেছেন ওবায়দুল কাদের।
বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনটি পার্বত্য জেলায় সড়ক বিভাগ পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এই দাবি করেন সদ্য যোগাযোগ থেকে নাম পাল্টে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।
তিনি বলেন, “পার্বত্য জেলাগুলোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ৬টি প্রকল্প গৃহীত হয়েছে। প্রস্তাবিত বাকি প্রকল্পগুলো পর্যায়ক্রমে গৃহীত হবে।”
ফাইল ছবি
অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত প্রকল্পগুলো হলো- রুমা-বগালেক-কেওক্রাডাং সড়ক উন্নয়ন, মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়ক নির্মাণ, খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিদ্যমান জরাজীর্ণ সেতুগুলোর স্থলে ৩৪টি পিসি গার্ডার সেতু, ৯টি আরসিসি সেতু ও ১৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প, কেরানীর হাট-বান্দরবান জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ, বান্দরবান-চিম্বুক জেলা সড়ক উন্নয়ন ও
বারৈয়ার হাট-করের হাট-হিয়াকো-রামগড় স্থলবন্দর সংযোগ সড়ক নির্মাণ।
রাঙ্গামাটির নানিয়ার চর ও তবলছড়িতে দু’টি এবং বান্দরবানের স্বর্ণমন্দিরে একটি সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ।
