২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ: ৩ জন জেলহাজতে

গাজীপুর সদরে অবৈধভাবে বাড়িতে গ্যাস সংযোগের চেষ্টাকালে মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 06:59 PM

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ভবানীপুরের মৃত শামসুদ্দীনের ছেলে ওসমান ফকির (৩৫), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পোড়াবাড়ী গ্রামের মৃত আব্দুস ছালামের রানা মিয়া (৩০) ও রনি মিয়া (১৮)। শেষের দুজন ওসমানের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন।

বৃহস্পতিবার ভোরে ভবানীপুর এলাকায় ওসমানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, বুধবার রাতে ওসমান ফকির ও তার প্রতিবেশী আব্দুর রশীদের স্ত্রী রীনা আক্তারের বাড়িতে গ্যাস সংযোগের জন্য কয়েকজন শ্রমিক নিয়ে মাটি খননের কাজ শুরু করেন।

রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতভর চলছিল ওই খনন কাজ। বৃহস্পতিবার ভোরে বিষয়টি স্থানীয় ভাওয়াল গড় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরকার গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমানকে জানান। পরে তিনি পুলিশ ও তিতাস গ্যাস অফিসে ওই খবর জানান।

“খবর পেয়ে পুলিশ ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাদের নামে অবৈধ গ্যাস সংযোগ চেষ্টার অভিযোগে জয়দেবপুর থানায় একটি মামলা হয়।”

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মোকসেদুর রহমান জানান, ওই ঘটনায় তিনি বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর থানায় মামলা করেছেন।