২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 05:02 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়িয়া গ্রামের বাজারে এ সংঘর্ষ শুরু হয়। ফুলবাড়িয়া গ্রাম ও বিদ্যাধরপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের সময় দুপক্ষ দেশি অস্ত্র ব্যবহার করে।

আহতদের তিনজনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এক জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি জানান, এ দুই গ্রামের মানুষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ফুলবাড়িয়া গ্রামের পক্ষে আব্দুল মতিন এবং বিদ্যাধরপুর গ্রামের পক্ষে আশরাফুল ও শাহজাহান নামের দুই ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন।

সংঘর্ষ চলাকালে ফুলবাড়িয়া বাজারের প্রায় ২০টি দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

পুলিশ গিয়ে সংঘর্ষ থামাতে এক রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি ফজলুর রহমান।