২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তসাপেক্ষে লাশ দিয়েছে ইউনাইটেড হাসপাতাল

বিল না মেটানোয় আটকে রাখা রোগীর লাশটি একদিন পর শর্তসাপেক্ষে পরিবারের কাছে দিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 07:39 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আহ্বানের প্রেক্ষাপটে রোববার সন্ধ্যায় ব্যবসায়ী মো. আসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আসলামের মেয়ে সাদিয়া ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালের বকেয়া ১৩ লাখ ৬০ হাজার টাকা জানুয়ারির মধ্যে পরিশোধের শর্তে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাবার লাশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।”

আসলামের বাসা রাজধানীর মগবাজারের দিলু রোডে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে সাদিয়া জানান।

আসলাম শনিবার প্রথম প্রহরে মারা যাওয়ার পর বিল বকেয়া থাকায় লাশ আটকে রেখেছিল ইউনাইটেড হাসপাতাল। তারা বলছিল, চিকিৎসা বাবদ বিল হয়েছে ৩১ লাখ টাকা। কিন্তু পরিবার ১২ লাখ টাকার মতো দিতে পেরেছে।

সাদিয়া জানান, জানুয়ারির মধ্যে বকেয়া টাকা পরিশোধের লিখিত অঙ্গীকারনামা নিয়েছে বেসরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষ, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেয়ার কথাও শর্তে রয়েছে।

“জানি না, কিভাবে আমরা এত টাকা শোধ করব। বাবার চিকিৎসায় সহায়তা চেয়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। হাসপাতালের বকেয়া টাকা পরিশোধের জন্য আবারও আমরা দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি,” কাঁদতে কাঁদতে বলেন তিনি।

ইউনাইটেড হাসপাতালের অর্থ বিভাগের কর্মকর্তা সিরাজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মানবিক’ কারণেই তারা লাশটি দিয়েছেন।   

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে মারা গেছেন তার পরিবার ছয় কিস্তিতে জানুয়ারির মধ্যে বকেয়া টাকা শোধ করবে- সে বিষয়ে দুপক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে।”

চুক্তির সময় পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে ওসি জানান।

৫৪ বছরের আসলাম ফুসফুসের সমস্যা নিয়ে গত ৩ জুলাই ইউনাইটেডে ভর্তি হয়েছিলেন। এরপর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

তার লাশ আটকে রাখার এই ঘটনাটি প্রকাশিত হলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মানবিক কারণে লাশ ফেরত দিতে ইউনাইটেড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পুরনো খবর:

বিল বাকি থাকায় লাশ দিচ্ছে না ইউনাইটেড হাসপাতাল
লাশ ছেড়ে দিলে অসুবিধা কী, ইউনাইটেডকে প্রশ্ন মন্ত্রীর