২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিল বাকি থাকায় লাশ দিচ্ছে না ইউনাইটেড হাসপাতাল

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক রোগীর পরিবার বিল পুরোপুরি পরিশোধ না করায় তাদের লাশ দিচ্ছে না রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 01:14 AM

Updated : 19 Sep 2026, 02:21 PM

গুলশান থানার উপপরিদর্শক ফেরদৌস আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ জুলাই মগবাজারের দিলু রোডের বাসিন্দা মো. আসলাম (৫৪) ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান।

“হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তার চিকিৎসা বাবদ বিল হয়েছে ৩১ লাখ টাকা। তবে তার পরিবার প্রায় ১২ লাখ টাকা দিতে পেরেছে। মৃতের পরিবার পুলিশকে অভিযোগ করেছে, পুরো বিল পরিশোধ করা না পর্যন্ত লাশটি বুঝিয়ে দেয়া হবে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ।”

এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের অর্থ বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “হাসপাতালের পুরো বিল পরিশোধ না করায় মৃতের পরিবারকে লাশ বুঝিয়ে দেয়া হচ্ছে না বলে শুনেছি। বিস্তারিত কিছু জানি না।

“অর্থ বিভাগের কর্মকর্তারা মৃতের পরিবারকে আগেই বলেছিল রোগীর চিকিৎসা খরচ বেশি হবে। তখন তারা কেউ বলেননি যে হাসপাতালের বিল তারা দিতে পারবেন না,” বলেন তিনি।

মৃত মো. আসলাম শেয়ার ব্যবসায়ী ছিলেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি মগবাজারের দিলু রোডে থাকতেন বলে স্বজনরা জানিয়েছে।