২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ ছেড়ে দিলে অসুবিধা কী, ইউনাইটেডকে প্রশ্ন মন্ত্রীর

চিকিৎসার বিল পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ যে লাশটি আটকে রেখেছে, সেটি ‘মানবিক দৃষ্টিকোণ’ থেকে পরিবারকে হস্তান্তর করা উচিত বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 04:51 PM

Updated : 25 Apr 2022, 04:34 PM

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মগবাজারের দিলু রোডের বাসিন্দা মো. আসলাম (৫৪) ফুসফুসের সমস্যা নিয়ে গত ৩ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার মধ্যরাতে তার মৃত্যু হয়।

কিন্তু বিল না দেয়ায় শনিবার তার লাশ আটকে রাখে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

তারা বলছে, চিকিৎসা বাবদ বিল হয়েছে ৩১ লাখ টাকা। কিন্তু পরিবার ১২ লাখ টাকার মতো দিতে পেরেছে।

মৃতের পরিবার পুলিশকে অভিযোগ করেছে, পুরো বিল পরিশোধ করা না পর্যন্ত লাশটি বুঝিয়ে দেয়া হবে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।

এ ঘটনা ‘অতি দুঃখজনক’ মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে লাশটি হস্তান্তর করা উচিত।”

নাসিম বলেন, “ইউনাইটেড বার বার রোগীর পরিবারকে বলেছে, বিল বেড়ে যাচ্ছে। যেহেতু আশা করে রোগীর পরিবার অপেক্ষা করছিলেন, আমার বিশ্বাস তারা হয়তো টাকা দিতে পারবে। আর না দিতে পারলে মাফ করে দিলে অসুবিধা কি?”

হাসপাতাল পরিচালনা যে একটি সেবা- সে কথাও ইউনাইটেড কর্তৃপক্ষকে মনে করিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “বেসরকারি হাসপাতালের উদ্যোক্তারা ব্যবসা করবেন ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য একটি সেবা। তাদের মাথায় রাখতে হবে এটি প্রথমে সেবা। এটি তো গার্মেন্টস নয় যে ব্যবসা হবে।”

অন্যদের মধ্যে ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।