সঙ্গীতশিল্পী রানার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা
চট্টগ্রামের ব্যবসায়ী ও সঙ্গীতশিল্পী আব্দুল মান্নান রানার বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে আদালতে দুটি মামলা হয়েছে।
সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে মামলা দুটি করেন রানার ভগ্নিপতি ও ব্যবসার অংশীদার আবদুল্লাহ আল হারুন।
আদালত মামলা দুটি গ্রহণ করে রানার বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একসঙ্গে ব্যবসা করার সময় হারুনের কাছ থেকে টাকা ধার নেন রানা।
“পাওনা পরিশোধে প্রিমিয়ার ব্যাংকের ৯৪ লাখ এবং ৯৪ লাখ ৮৪ হাজার টাকার দুটি চেক দেন আব্দুল মান্নান রানা। হারুন চেক দুটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত তহবিলের অভাবে তা ডিজঅনার হয়।”
এরপর বিধি মোতাবেক হারুন পত্রিকায় নোটিস প্রকাশ করেন। এর এক মাসের মধ্যেও রানা কোনো যোগাযোগ করেন নি বা নোটিশের জবাব দেন নি।
সোমবার আদালতে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৫৮ ধারায় মামলা দুটি করা হয় বলে জানান আইনজীবী ইফতেখার সাইমুল।
