২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবাকর্মীদের জুলাইয়ের বেতনও বিজিএমইএ ভবন থেকে

শ্রমিকদের জুলাই মাসের বকেয়া বেতন ও ওভারটাইম ভাতা রোববার দিতে রাজি হয়েছেন তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন, যা দেয়া হবে বিজিএমইএ ভবন থেকে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শনিবার বিকালে জাতীয় সংসদ ভবনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বিজিএমইএ পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে দেলোয়ার নিজের সম্মতির কথা জানান।

বৈঠক শেষে বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান কচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তোবা গ্রুপের ৫টি কারখানায় কর্মরত শ্রমিকদের জুলাই মাসের বকেয়া বেতন ও ওভারটাইম বাবদ ১ কোটি ১৭ লাখ টাকা আগামীকাল (রোববার) পরিশোধ করা হবে।”

তবে বিজিএমইএ ভবন, না কি তোবা গ্রুপের কারখানা- কোন স্থানে বেতন হাস্তান্তর হবে, সেই সিদ্ধান্ত সংসদ ভবনে নৌমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে হয়নি।

এরপর পার্লামেন্ট মেম্বারস ক্লাবে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দুই মন্ত্রী ও বিজিএমএই নেতারা, যাতে অনশন কর্মসূচিতে নেতৃত্ব দেয়া গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা জলি তালুকদারও ছিলেন।

৩৫টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠকের পর বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোববার ২টা থেকে বিজিএমইএ ভবনে তোবা গ্রুপের কর্মীদের জুলাই মাসের বেতন ও ওভারটাইম ভাতা দেয়া হবে।  

তোবাকর্মীদের ঈদের বোনাসও শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী শাজাহান খান। তবে কবে নাগাদ দেয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

“রোববার বোনাসের টাকা না দেয়া হলেও মালিককে টাকা দিতে হবে। এজন্য সরকার যতটা প্রয়োজন কঠোর হবে।”

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের বৈঠকে দেলোয়ার ছিলেন না। সভার শেষ পর্যায়ে সাংবাদিকদের ডেকে নেয়া হয়, তখন শ্রম প্রতিমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন।

চুন্নু বলেন, ‘আগেই আমরা বলেছিলাম ১০ তারিখে জুলাই মাসের বেতন দেব। সে বেতন দেয়া হচ্ছে। তাহলে ধর্মঘট কেন?’

আতিকুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত টাকার জোগাড় হয়নি। তবে কাল (আজ) দুপুর ২টা থেকে বিজিএমইএ ভবনে জুলাই মাসের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে।”

পরে শাজাহান খান বলেন, “আমি শ্রমিকদের সঙ্গে কখনো প্রতারণা করি না। এ কারণে মন্ত্রী হয়েও আমি পরিবহন শ্রমিকদের পক্ষে কথা বলেছি।”

পাশে বসা বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের উদ্দেশে তিনি বলেন, “বোনাসটাও আপনাদের দিতে হবে।”

সভায় উপস্থিত শ্রমিক নেতারা জুলাই মাসের বেতন ও ওভারটাইম দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে বোনাস দেয়া, কারখানা চালু রাখা ও কোনো শ্রমিকদের হয়রানি না করার আহ্বান জানান তারা।

তবে আতিকুলের একটি কথায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, বিজিএমইএ সভাপতি আন্দোলনকে হেয় করেছেন।

বকেয়া বেতন, বোনাস ও ওভারটাইমের দাবিতে ঈদের আগের দিন গত ২৮ জুলাই থেকে রাজধানীর বাড্ডায় কারখানা ভবনে অনশন করে আসছিল তোবার দেড় হাজার শ্রমিক।

তাদের আন্দোলনের মধ্যে ১৪৭৫ জন শ্রমিকের দুই মাসের বেতন গত ৭ এবং ৮ আগস্ট বিজিএমইএ’র পক্ষ থেকে দেয়া হয়।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির মামলায় কারখানা মালিক দেলোয়ার কারাগারে থাকার মধ্য এই বেতন বকেয়া পড়ে। 

দেলোয়ারকে মুক্ত করতেই বেতন নিয়ে এই জটিলতা সৃষ্টি করা হয় বলে শ্রমিকদের অভিযোগ। জামিন নিয়ে দেলোয়ার কয়েকদিন আগেই মুক্তি পান। 

তিন মাসের বেতন দাবিতে শ্রমিকরা অনশন অব্যাহত রাখলে বৃহস্পতিবার পুলিশ পিটিয়ে তাদের তুলে দেয়।

এরপর শাজাহান খান ও মুজিবুল হক চুন্নু বলেন, তারা ১০ অগাস্টের মধ্যে সব পাওনা পরিশোধের জন্য দেলোয়াকে কড়া ভাষায় বলে দিয়েছেন।

পুরনো খবর:

শ্রমিকদের পাওনা না দিলে তোবার মালিকের বিরুদ্ধে ‘ব্যবস্থা’
তোবার অনশন পিটিয়ে উৎখাত
তোবায় পিটুনির পর ভিড় জমে বিজিএমইএতে