তোবার অনশন পিটিয়ে উৎখাত
বেতন দাবিতে ঈদের আগের দিন থেকে কারখানায় অনশনে থাকা তোবা গ্রুপের শ্রমিকদের পিটিয়ে তুলে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের তুলে দেয়ার সময় আটক করা হয় পোশাক শ্রমিকদের দুই নেত্রী মোশরেফা মিশু ও জলি তালুকদারকে, যারা তোবার শ্রমিকদের সঙ্গে শুরু থেকে ছিলেন। রাতে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়।
পুলিশ ভ্যানে তোলার আগে দেশের সব পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন তোবা গ্রুপ সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা।
রাজধানীর বাড্ডার তোবা কারখানা থেকে অনশনরতদের তুলে দেয়ার পর বিকালে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে বেতন নিতে শ্রমিকদের ভিড় বাড়তে থাকে, সেখানে পুলিশের লাঠির জখম নিয়েও কয়েকজনকে দেখা যায়।
তোবা গ্রুপের শ্রমিকরা তিন মাসের বেতন দাবিতে গত ২৮ জুলাই কারখানায় অনশনে বসে, এরপর তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন, গড়ে তোলা হয় তোবা গ্রুপ সংগ্রাম কমিটি।
তোবা মালিক দেলোয়ার হোসেন কারাগারে থাকায় বিজিএমইএ দুই মাসের বেতনের বন্দোবস্তু করে তা নিতে বললেও পাওনা পরিশোধের প্রথম দিন বুধবার শ্রমিকদের তেমন সাড়া দেখা যায়নি।
বুধবার কারখানা ভবনের (হোসেন মার্কেট) সামনে পুলিশের ব্যাপক অবস্থান ও অভিযানের মধ্যেই ভেতরে অনশন চলছিল।
বৃহস্পতিবার সকালে আশপাশের কারখানাগুলোর শ্রমিকদের সঙ্গে তোবার শ্রমিকদের এক দফা সংঘর্ষের পর দুপুরে হোসেন মার্কেটে অভিযান শুরু করে পুলিশ; একে একে বের করে দেয় সব শ্রমিককে, যারা ১২ দিন ধরে সেখানে ছিলেন।
মিশু ও জলিকে পুলিশের গাড়িতে তোলার সময় কারখানার বাইরে দায়িত্ব পালনরত কয়েকজন আলোকচিত্র সাংবাদিকও পুলিশের লাঠিপেটায় আহত হন।
সকাল থেকেই মার্কেটের সামনে জল কামান ও এপিসি নিয়ে কড়া পাহারায় ছিল পুলিশ। কাউকে তোবা গ্রুপের কারখানা থেকে বের হতে অথবা সেখানে যেতে দেয়া হচ্ছিল না। কারখানার পানির লাইন সকালেই পুলিশ বন্ধ করে দেয় বলে শ্রমিকরা জানান।
দুপুরের আগে তোবা গার্মেন্ট সংলগ্ন লুৎফন শপিং কমপ্লেক্স ভবনের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে তোবা গ্রুপের এক দল শ্রমিকের সংঘর্ষ বাঁধে। তখন পুলিশও দুই পক্ষের ওপর লাঠি চালায়।
বেলা ১২টার দিকে লুৎফন শপিং কমপ্লেক্সের পাঁচটি কারখানা এ কে ডিজাইন, লাইফ স্টাইল, বিগ বস, স্টেপ-টু ও স্টেপ-থ্রি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
তখন ওই এলাকার অন্য কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসে। তোবা গ্রুপের কারখানা হোসেন মার্কেটের সামনেও অনেক শ্রমিক জড়ো হয়। এসময় পুলিশ হঠাৎ করেই জলকামান থেকে পানি ছোড়ে, চলে ফাঁকা গুলিও।
এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান-পাট বন্ধের পাশাপাশি বাড্ডা, মেরুলবাড্ডা, গুলশান লিংক রোড ও মগবাজারগামী সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরিস্থিতি শান্ত হয়ে আসার পর বাড্ডা থানার ওসি এম এ জলিল সাংবাদিকদের বলেন, তোবা গ্রুপের কিছু শ্রমিক লুৎফন শপিং কমপ্লেক্সে ঢুকে সেখানকার শ্রমিকদের ‘উস্কানি’ দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করেছিল।
“কিন্তু তারা আন্দোলনে যোগ দিতে না চাইলে দুই পক্ষের গণ্ডগোল শুরু হয়। আমরা যান চলাচল নির্বিঘ্ন করতে যখন রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করছিলাম, তখন তোবা গ্রুপের অনশনকারীরাও আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে।”
সবাই মিলে বিশৃঙ্খলার চেষ্টা করায় জানমাল রক্ষার পুলিশ ব্যবস্থা নেয় বলে দাবি করেন ওসি।
এই পরিস্থিতির মধ্যে বেলা সোয়া ১টার দিকে পুলিশ হোসেন মার্কেটের ষষ্ঠ ও সপ্তম তলায় গিয়ে অনশনকারীদের ওপর চড়াও হয়। এ সময় শ্রমিকদের আতঙ্কিত হয়ে নেমে আসতে দেখা যায়, অনেকে তখন কাঁদছিলেন।
তোবা গ্রুপের অপারেটর হোসনে আরা সাংবাদিকদের বলেন, “পুলিশ ক্যান থেকে গ্যাস (পিপার স্প্রে) মারছে। লাঠি দিয়া পিটিয়ে আমাদের নামিয়েছে।”
একই অভিযোগ করেন আবুল হাসেম, চায়না, মিঠু, বাবু নামে আরো কয়েকজন আন্দোলনকারী শ্রমিক।
ওই সময় ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাহাবুব হাসান সেখানে ছিলেন। অভিযানের কারণ জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলব।”
এক সময় মোশরেফা মিশুকে কারখানা থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি সাংবাদিকদের বলেন, “আমাকে মেরেছে, সবাইকে মেরে টিয়ার গ্যাস ছুড়ে জোর করে বের করে দিয়েছে।
“আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, পুলিশ গায়ের জোরে বের করে দিয়েছে। শহীদ মিনারে গিয়ে হলেও আমরা অনশন চালিয়ে যাব।”
আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বাংলাদেশের সব পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘটেরও ডাক দেন তিনি।
কারখানার সামনে তখন মিশুর সঙ্গে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসাধারণ সম্পাদক জলি তালুকদারও ছিলেন। তাকে আটক করে কয়েকজন নারী পুলিশ একটি ভ্যানে নিয়ে তোলে। ওই সময় ধস্তাধস্তিতে একজন নারী পুলিশ সদস্য ভ্যান থেকে পড়ে গিয়ে আঘাত পান।
কিছুক্ষণ পর মোশরেফা মিশুকেও টেনেহিঁচড়ে অন্য একটি গাড়িতে তোলে পুলিশ। ছবি তুলতে গিয়ে এ সময় পুলিশের পিটুনির শিকার হন নিউ এইজের আবদুল্লাহ অপু, সমকালের রুবেলসহ বেশ কয়েকজন আলোকচিত্র সাংবাদিক।
মিশুসহ অন্য শ্রমিকরা শ্রমিকদের ওপর পিপার স্প্রে ও লাঠিপেটার অভিযোগ করলেও বাড্ডা থানার ওসি এম এ জলিল তা অস্বীকার করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ভবনের ওপরেই যায়নি। লাঠিপেটা বা গ্যাসও ছোড়েনি।”
ওই সময় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মনজুর মঈন ও রাসেল নামে আরো দুজনকেও পুলিশ আটক করে।
জলি তালুকদারকে বাড্ডা থানায় এবং মোশরেফা মিশুকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে রাখা হয়। রাত ৯টার দিকে দুজনকে ছেড়ে দেয়া হয় বলে ওসি জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
কারখানা ভবনে থাকা তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকেও পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে রাখে। তিনি এতদিন কারখানায় কার্যত জিম্মি ছিলেন ।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির মামলায় দেলোয়ার কারাগারে থাকা অবস্থায় তার মালিকানাধীন তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকদের বেতন বকেয়া পড়ে।
তবে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দুদিন আগেই কারাগার থেকে বেরিয়ে এসেছেন দেলোয়ার। শ্রমিকদের অভিযোগ, তার মুক্তি ত্বরান্বিত করতে বেতন নিয়ে এই জটিলতা তৈরি করা হয়।
তোবা গ্রুপ সংগ্রাম কমিটি দেলোয়ারের জামিন বাতিলের দাবিও জানিয়েছেন। তাদের পাঁচ দফা দাবি হলো- শ্রমিকদের বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদের বোনাস অবিলম্বে পরিশোধ, দেড় হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সব কারখানা সচল রাখা, যে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সরকারিভাবে শারীরিক ও মানসিক ক্ষতিপূরণ নিশ্চিত করা, এমডি দেলোয়ার হোসেনের জামিন বাতিল এবং তাজরীন গার্মেন্টসে হতাহত ও নিখোঁজ শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।
