২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্দিষ্টকালের গার্মেন্ট ধর্মঘটের ডাক

তোবা গ্রুপের কারখানা থেকে অনশনকারীদের পিটিয়ে বের করে দেয়ার পর দেশের সব পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে তোবা গ্রুপ সংগ্রাম কমিটি। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 03:05 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

একইসঙ্গে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আবারো অনশন এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে তোবা গ্রুপের পোশাক কারখানায় ঢুকে টিয়ার গ্যাস ব্যবহার করে ও পিটিয়ে আন্দোলনকারীদের বের করে দেয় পুলিশ।

বকেয়া বেতনভাতাসহ পাঁচ দফা দাবিতে বাড্ডার ওই কারখানা ভবনেই গত ১২ দিন ধরে অনশন চালিয়ে আসছিলেন তোবা গ্রুপের শ্রমিকরা। বিজিএমইএ আংশিক বকেয়া দেয়া শুরু করলেও তা প্রত্যাখ্যান করে সংগ্রাম কমিটি।   

কারখানা থেকে নামিয়ে আনার পর তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সাধারণ সম্পাদক জলি তালুকদারকে আটক করে গাড়িতে করে নিয়ে যায় পুলিশ।

আটক হওয়ার আগে মোশরেফা মিশু নতুন কর্মসূচি ঘোষণা করেন বলে জানান গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মিশু আপা আটক হওয়ার আগে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এখন থেকে সারা দেশে সব পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।”

এছাড়া বিকাল ৩টা থেকে শহীদ মিনারে আবারো অনশন হবে এবং সাড়ে ৪টায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানান তিনি।