২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবার জটিলতার দায় সরকারের: সিপিবি-বাসদ

তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের পাওনা নিয়ে জটিলতা সৃষ্টির জন্য সরকারকে দায়ী করে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে সিপিবি ও বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 07:09 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

একইসঙ্গে শ্রমিক নেতা মোশরেফা মিশু ও জলি তালুকদারকে আটকের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তিও দাবি করেছে বামপন্থি দল দুটি।

বকেয়া বেতনভাতাসহ পাঁচ দফা দাবিতে বাড্ডার তোবা গার্মেন্টের কারখানা ভবনেই গত ১২ দিন ধরে অনশন চালিয়ে আসা শ্রমিকদের বৃহস্পতিবার দুপুরে পুলিশ পিটিয়ে তুলে দেয়।

শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলনে থাকা গার্মেন্ট শ্রমিক ফোরামের নেতা মোশরেফা মিশু এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা জলি তালুকদারকে আটক করে পুলিশ।

শ্রমিকদের ওপর হামলা এবং নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সিপিবি-বাসদ।

সমাবেশে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “শ্রমিকরা গায়ের ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন। আর তাদের ন্যায়সঙ্গত আন্দোলনে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী ও সরকারি দলের গুণ্ডা-মাস্তানরা হামলা চালাচ্ছে।”

সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, “সরকার ও মালিক শ্রেণি শ্রমিকদের ওপর হামলার জন্য যে পরিমাণ টাকা খরচ করছে, সেই টাকা দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দেয়া সম্ভব।

“সরকার ও মালিক শ্রেণি সহজ পথে না গিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। এর খেসারত তাদেরকে অবশ্যই দিতে হবে।”

এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম অবিলম্বে তোবা গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধ ও আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।