নাটোরে মাছ ধরতে গিয়ে জেলে গুলিবিদ্ধ
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চাকলারচরে মাছ ধরার সময় সন্ত্রাসীদের গুলিতে এক জেলে আহত হয়েছেন।
লালপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে গুরুতর আহত ওয়াহাব শেখকে (৩৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি গুলি ওয়াহাবের কানের পাশে লেগেছে। দ্রুত তাকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই রাজশাহীতে পাঠানো হয়েছে।”
তবে, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি জানিয়ে লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, “ঘটনাটি শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।”
গুলিবিদ্ধ ওয়াহাবের বাড়ি উপজেলার সিমান্তবর্তী চাকলারচরে।
চরের ছিদ্দিকুর রহমান জানান, তিনি ও ওয়াহাবসহ অন্তত ১৭ জন সঙ্গী রাত ৯টার দিকে চরে নদীর তীরে ছিপ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় নদীর অন্য পাড় থেকে একদল দুর্বৃত্ত ট্রলারে করে এসে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি ওয়াহাবের মাথায় কানের পাশে লাগে।
চরে মাছ ধরা নিয়ে সন্ত্রাসীরা প্রায়ই চাঁদা দাবি করে জানিয়ে এই জেলে বলেন, “ঘটনাস্থলটি নাটোর ও কুষ্টিয়ার সীমান্তবর্তী হওয়ায় সন্ত্রাসীরা ওই এলাকায় মাছ শিকার করা নিয়ে নিজেদের প্রভাব বিস্তার করতে তৎপরতা চালাচ্ছে। গুলি করার ঘটনাটি এ কারণেই ঘটেছে”।
