২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারে খরচ সাড়ে পাঁচ কোটি টাকা

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ করতে প্রচারে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 04:55 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম রোববার নাটোরে এক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে এই তথ্য জানান।

নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগামী ১৬ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা ভোটার হাল নাগাদের কাজ করবেন। এ উপলক্ষে জেলার ১৩৩ জন তথ্য সংগ্রহকারীকে রোববার থেকে ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম রোববার এই প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন বলে দেলোয়ার হোসেন জানান।

এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিব জানান, হালনাগাদ কার্যক্রম সফল করতে এবার ভোটারদের সচেতনতার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে একযোগে ২০টি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। একই সঙ্গে গ্রামের সাধারণ মানুষকে অবহিত করার জন্য প্রতিটি ইউনিয়নে অন্তত ১০ বার করে মাইকে প্রচার চালানো হবে।

“এ কাজের জন্য প্রতিটি ইউনিয়ন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার টাকা। সব মিলিয়ে এই খাতে সারাদেশে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করা হবে,” বলেন তিনি।

তিনি উপস্থিত কর্মকর্তাদের এই টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তা নাহলে সুনির্দিষ্ট অভিযোগ এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজশাহী বিভাগের নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা দেলয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়রুজ্জামান উপস্থিত ছিলেন।