২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের ওসি, এস আই জাহিদের বিরুদ্ধে বিচারিক তদন্তের নির্দেশ

থানায় ‘নির্যাতেনে’ ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান সুজনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রীর দায়ের করা মামলায় রাজধানীর মিরপুর থানার ওসিসহ দশ আসামির বিরুদ্ধে বিচার বিভাগী তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 12:56 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক রোববার নিহতের স্ত্রী মমতাজ সুলতানা লুসির বক্তব্য ‍শুনে এই আদেশ দেন। 

এর আগে লুসি ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩’ এর ১৫ ধারায় দশ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

মামলার দশ আসামি হলেন- মিরপুর থানার এসআই জাহিদুর রহমান, ওসি সালাউদ্দিন আহমেদ, এএসআই রাজকুমার, কনস্টেবল আসাদ ও রাশিদুল, পুলিশের সোর্স নাসিম, ফয়সাল, খোকন, পলাশ ও মিথুন।

আরজিতে বলা হয়, মামলার এক নম্বর আসামি জাহিদ ও ছয় নম্বর আসামি সালাউদ্দিন ক্ষমতার অপব্যবহার করে অন্য আসামিদের যোগসাজশে সুজনকে ‘বেধরক পিটিয়ে’ হত্যা করে।

বাদীসহ মোট ছয়জনকে সাক্ষী করা হয়েছে মামলায়। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ফাহমিদা আক্তার।

গত ১২ জুলাই রাতে এসআই জাহিদের নেতৃত্বে একটি দল রাজধানীর শংকরের পশ্চিম জাফরাবাদের বাসা থেকে সুজন, তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছেলেকে আটক করে মিরপুর থানায় নিয়ে যায়। সেখানে সুজনকে আলাদা করে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। পরদিন ভোরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

নির্যাতনের অভিযোগ ওঠার পরপরই এস আই জাহিদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ। সুজনের লাশের ময়না তদন্ত প্রতিবেদনে ওই ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করা হলে গত বুধবার গ্রেপ্তার হন জাহিদ।

গত বৃহস্পতিবার সকালে পুলিশের পক্ষ থেকেও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যাতে এস আই জাহিদসহ মোট আটজনকে আসামি করা হয়। 

সুজনের ভাই মাকসুদুর রহমান ঘটনার পরদিন সাংবাদিকদের বলেছিলেন, প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে তার ভাইয়ের ঝুট ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন এস আই জাহিদ। আর তা না দেয়ায় ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়।

এই ঘটনার পেছনে মিরপুর থানার ওসি সালাউদ্দিন খানেরও সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে আসছে সুজনের পরিবার।

এ বিষয়ে মামলার আরজিতে মমতাজ সুলতানা লুসি বলেন, “ওই রাতে থানায় পৌঁছে এসআই জাহিদ ওয়্যারলেসে স্যার সম্বোধন করে বলে, হারামজাদাকে মারতে মারতে নিয়ে এসেছি। এখন কি করব?

“অপর প্রান্ত থেকে উত্তর আসে ক্লোজ করে দাও। না হয় ফাইনাল করে দাও।”