সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
কবীর তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দোহার গ্রামের শের আলি সরদারের ছেলে।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে এস এম বিপ্লব কবীর নিহত হয়েছেন।
কিন্তু নিহতের স্বজন ও বিএনপির দাবি, পুলিশ ধরে নিয়ে তাকে গুলি করে হত্যা করেছে।
তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার কুমিরা-ইসলামকাটি সড়কে পুলিশ সদস্যরা অভিযানে নামে।
“এ সময় একদল সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোঁড়ে।
“এতে কবীর গুলিবিদ্ধ হন। সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়,” বলেন ওসি।
ওসি আরো বলেন, কবীর নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সক্রিয় সদস্য। তার নামে একাধিক মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে তিনটি রাম দা, একটি ছোরা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
নিহতের ভগ্নিপতি জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে তালা থানা পুলিশ সাদা পোশাকে দোহার গ্রামের বাড়ি থেকে কবীরকে ধরে নিয়ে যায়। সকালে তারা খবর পান কবীরের মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পড়ে আছে।
খবর পেয়ে তারা সদর হাসপাতালে গিয়ে কবীরের লাশ সনাক্ত করেন।
তিনি জানান, কবীরের ডান পায়ের উরুতে গুলি করা হয়েছে। এছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
জালালপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মফিদুল হক লিটু জানান, সাদা পোশাকধারী পুলিশ রাত ১টার দিকে কবীরকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর ইসলামকাটি এলাকায় তার পায়ে গুলি করে। সদর হাসপাতালে সকাল সাড়ে ৭টার দিকে কবীর মারা যায়।
চেয়ারম্যান মফিদুল আরো জানান, “কবীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কোনো চরমপন্থী দলের সঙ্গে জড়িত ছিলেন না।”
