২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের টাকা লুট: গ্রেপ্তার ৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শ্রমিকদের বেতনের লুট করা এক কোটি ৩৩ লাখ টাকার মধ্যে ১১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 06:31 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

বুধবার গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন কালিয়াকৈরের সিনাবাহ খন্দকারপাড়ার দীনবন্ধু মন্ডলের ছেলে অসীম মন্ডল (৩৫), একই এলাকার আনোয়ার হোসেন (৩০) ও টাঙ্গাইলের মধুপুরের নাজিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (২৮)।

এসপি আবদুল বাতেন জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার প্রথমে রশিদকে ছিনতাইয়ের তিন লাখ ৪৫ হাজার টাকাসহ তার বাড়ি থেকে আটক করা হয়।

মঙ্গলবার গাজীপুর আদালতে রশিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেয়া তথ্যমতে মঙ্গলবার ৩ লাখ টাকাসহ নিজ বাড়ি থেকে অসীমকে গ্রেপ্তার করা হয়। তার শ্বশুরবাড়ি ঝিনাইদহ জেলা থেকে উদ্ধার করা হয় পাঁচ লাখ টাকা।  

পরে অসীমও আদালতে স্বীকারোক্তিমূলক জাবানবন্দি দিয়েছেন।

জবানবন্দির বরাত দিয়ে এসপি সাংবাদিকদের জানান, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দারা এলাকার বিদেশি মালিকানাধীন ফ্যাশন নিট লিমিটেড কারখানার সামনে অসীমের একটি স্টুডিও রয়েছে।

সেখানে এসে প্রায় গল্প করতেন ফজলু ও বড় আনোয়ার।

তিনি মাস আগে তারা কারখানার শ্রমিকদের বেতনের টাকা লুট করার পরিকল্পনা করেন। তখন থেকে পর পর দুইমাস তারা পর্যবেক্ষণ করেন কোথা থেকে কোথায় এবং কীভাবে শ্রমিকদের বেতনের টাকা আনানেয়া করা হয়।

গত ৬ জুলাই সফিপুর বাজারে তারা একটি বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন তিনিসহ ফজলু, ছোট আনোয়ার, বড় আনোয়ার, হানিফ, রশিদ, বেনজামিন, শুকুর আলীসহ আরো দুইজন।

ওই বৈঠকেই ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী ৭ জুলাই তারা একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যাশন নিট লিমিটেড কারখানার প্রধান শাখার সামনে অপেক্ষা করেন।

সেখান থেকে টাকার গাড়ি বের হলে তারা মাইক্রোর পিছু নেয় এবং কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকায় গাড়িটি পৌঁছলে সেটার গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট করে পালিয়ে যান।

পরে কাশিমপুর এলাকায় হানিফের বাসায় বসে টাকা ভাগাভাগি করা হয়।

এসপি আরো জানান, টাকা লুটের ঘটনার সঙ্গে কারখানার এক কর্মকর্তা জড়িত রয়েছেন, যিনি ফোনে আনোয়ারকে সব তথ্য জানাতেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ও বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক, উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল প্রমুখ।