২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী অপহরণ, মামলা নেয়নি থানা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খুলনায় এক স্কুলছাত্রী অপহৃত হওয়ার পর থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 03:13 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই ছাত্রীর বাবা মো. আব্দুল কুদ্দুস এ অভিযোগ করেন।

খুলনা সদর থানার ওসি বলছেন, এজাহার পূর্ণাঙ্গ না হওয়ার কারণে তারা মামলা নেননি।

কুদ্দুস পরিবার নিয়ে নগরীর সদর থানাধীন ৫ নম্বর মাছ ঘাট এলাকায় থাকেন। তার মেয়ে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

সংবাদ সম্মেলনে আব্দুল কুদ্দুস বলেন, গত ১০ জুলাই স্থানীয় মো. সেকেন্দার তার ছেলে রাজীবের (২০) সঙ্গে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে।এ প্রস্তাবে রাজি না হলে মেয়েকে অপহরণ করে ভারতে পাচার করে দেয়ার হুমকি দেন সেকেন্দার।

“সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে রাজু, সাজু এবং তাদের বাবা সেকেন্দার আমার মেয়েকে অপহরণ করে। মেয়েকে না পেয়ে রাতেই সেকেন্দারের বাসায় গেলে বলা হয় মেয়ে নিতে আসলে তাকে হত্যা করা হবে।”

এ বিষয়ে রাতেই খুলনা সদর থানায় অভিযোগ নিয়ে গেলেও পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করেনি বলে অভিযোগ করেন কুদ্দুস।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, “মেয়েটিকে থানায় হাজির করার জন্য সেকেন্দারকে ২৪ ঘণ্টার সময় দেয়া হয়েছে।”

মামলা না নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মেয়েটির বাবা যে এজাহার দিয়েছেন তা পরিপূর্ণ নয়। সঠিকভাবে লিখে এজাহার দিলে মামলা নেয়া হবে।