২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজশাহীর অঞ্চলের নেতারা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শনিবার দুপুরে নগরীর শাহ্ মখদুম কলেজে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় বাকশিস রাজশাহী জেলা ও মহানগর শাখা।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে প্রতি বিষয়ে প্রতি বছর ৪ হাজার টাকার জায়গায় এখন তিন বছরে ২৫ হাজার টাকা নেয়া হচ্ছে। ডিগ্রি পাস কোর্সে প্রতিবছর ৪ হাজার টাকার জায়গায় তিন বছরে ২০ হাজার টাকা নেওয়া হচ্ছে।

পাস কোর্সে অধিভুক্তি ফি ৫ হাজার টাকার জায়গায় ১০ হাজার টাকা করা হয়েছে। অনার্সের প্রতি বিষয়ের আবেদন ফি আগে ছিল ৫ হাজার টাকা, যা এখন নেওয়া হচ্ছে ১২ হাজার টাকা।

এছাড়া উন্নয়নের নামে কলেজপ্রতি বছরে ২ হাজার টাকার জায়গায় তিন বছরে ৭ হাজার ৫০০ টাকা নেয়া হচ্ছে।

শিক্ষকদের অভিযোগ, ওই অর্থ কলেজ ও শিক্ষার্থীদের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও তা হয় না।

অবিলম্বে এসব বর্ধিত ফি প্রত্যাহার করে আগের ফি পুনর্বহালের দাবি জানান তারা।

বাড়তি ফি প্রত্যাহরসহ আরো কিছ দাবি তুলে ধরেন শিক্ষকরা।

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সেশনজট কমিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল ৭৫ দিনের মধ্যে প্রকাশ করা ও সৃজনশীল পদ্ধতি কার্যকর করতে সব শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া।

বিভাগীয় শহরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস চালু ও পরীক্ষার ফরম পূরণ, নিবন্ধন, ডিডি জমা ও পরীক্ষার উপকরণসহ সব কাগজ আঞ্চলিক অফিসের মাধ্যমে গ্রহণ ও বিতরণ করা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটসহ প্রত্যেক কমিটিতে শিক্ষার্থীর আনুপাতিক হারে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করা।

এছাড়াও ঈদের আগেই জুলাই মাসের বেতনসহ পূর্ণাঙ্গ বোনাস এবং ৭ তারিখের আগেই প্রতি মাসের বেতন দেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা।

দাবি আদায়ে আগামী ১৫ জুলাই রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপির দেয়ার কর্মসূচি ঘোষণা করেন তারা। 

দাবি না মানা হলে প্রয়োজনে ঈদের পরে বৃহত্তর পরিসরে আন্দোলন কর্মসূচি দেওয়ার হুমকি দেন শিক্ষকরা।

সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, বাকশিস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ কুমার সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাকশিসের সভাপতি শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ও মহানগর বাকশিসের সভাপতি রইসুদ্দিন।