সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদা পোশাকে অভিযানে যাওয়া পুলিশের তিন সদস্যকে ‘মারধর’ করে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার লোকজন।
শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি খামারবাড়ী এলাকায় এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোশাররফ হোসেনসহ দুই কনস্টেবল আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তবে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেছেন, ‘ইয়াবা ব্যবসায়ী’ আবুল খায়েরকে আটকের পর পুলিশের উপর হামলার চেষ্টা হয়েছে, যদিও খায়েরকে ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন তিনি।
পরিদর্শক আনিসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল মিজমিজি খামারবাড়ি এলাকায় ইয়াবা ব্যবসায়ী আবুল খায়েরকে আটক করে।
“এসময় খায়েরের লোকজন পুলিশের ওপর হামলার চেষ্টা করে এবং তাকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
গত এপ্রিলের শেষদিকে এই সিদ্ধিরগঞ্জে সাতজনকে তুলে নিয়ে হত্যার পর সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান না চালানোর কথা বলা হয়। এরপর থেকে সাদা পোশাকে পুলিশি অভিযান বন্ধ ছিলো।
পলাতক আবুল খায়েরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানিয়েছেন।
