২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনা চেক পোস্টে জাল ভিসাসহ আটক ৪

চুয়াডাঙ্গার দর্শনা চেক পোস্ট দিয়ে শুক্রবার জাল ভারতীয় ভিসায় সীমান্ত পার হওয়ার সময় চার বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 06:35 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

এরা হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শফিকুল খান (৩২), মুন্সিগঞ্জ সদরের বাবুল দেওয়ান (২৪), নোয়াখালীর সুধারামের মোহাম্মদ মানিক (৩২) ও সদরের মিজান হোসেন (২৫)।

দর্শনা চেক পোস্ট ইমিগ্রেশন পুলিশের এসআই শেখ মাহাবুবুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভারত যাবার জন্য দর্শনা আন্তর্জাতিক চেক পোস্ট ইমিগ্রেশনে আসেন এই চার জন।

এদের ভিসা মেশিনে পরীক্ষা করলে সেগুলো জাল ভিসা বলে চিহ্নিত হয়। এরপর তাদের আটক করে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।

দামুড়হুদা থানার এএসআই ইমাম হোসেন জানান, আটক চার জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটকরা জানান, তারা দীর্ঘদিন আবুধাবীতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে দেশে ফিরে উজবেকিস্তান যাওয়ার জন্য ভারতের ভিসা লাগানোর জন্য ভারত যাচ্ছিলেন।

তারা জানান, বাদশা নামের এক দালালের মাধ্যমে তারা ৩০ হাজার টাকা খরচ করে এ চার জনের ভিসা নিয়েছেন। দালাল তাদের জাল ভিসা করে দিয়েছে এটা তাদের জানা ছিল না।