ঋণে কেনা ভ্যানরিকশা হারিয়ে আত্মহত্যা
ঋণের টাকায় কেনা ভ্যানরিকশা হারিয়ে যশোরে এক যুবক ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে ধারণা করছে তার স্বজনরা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোপলপুর রেল লাইনের উপর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।
নিহত জুয়েল (২০) কেশবপুরে উপজেলার বাইশা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
জিআরপি যশোর ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান জানিয়েছেন, গত সোমবার জুয়েলের তার ভ্যানরিকশাটি চুরি হয়।
ভ্যানটি তিনি এক সমিতি থেকে ঋণ নিয়ে কিনেছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানায়। তবে কোন এনজিও বা সমিতির কাছ থেকে কত টাকা ঋণ করেছিলেন তা তারা জানাতে পারেনি।
ভ্যানটি হারিয়ে যাওয়ায় জুয়েল ভেঙে পড়েন। বিভিন্ন জাগায় খুঁজেও সেটি না পেয়ে মনের কষ্টে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে পারে বলে তার স্বজনরা ধারণা করছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
