টিআইবির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যা নিয়ে শিক্ষামন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে টিআইবি ওই প্রতিবেদনটি সচিবালয়ের ডাকবক্সে জমা দিয়ে যায়।
“ডাকবক্স থেকে প্রতিবেদন সংগ্রহ করে তা মন্ত্রীর হাতে এবং এর অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেয়া হয়েছে।”
সংশ্লিষ্ট শাখাকে টিআইবির প্রতিবেদন দেখে শিক্ষামন্ত্রী পরবর্তী পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান ঢালী।
তবে টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন্স) রিজওয়ান-উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেদন প্রকাশের পরপরই তা শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অ্যাসোসিয়েশন অব নন-গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এএনইউবি) এর সভাপতিকে পৌঁছে দেন তারা।
“২ তারিখে (জুলাই) তা এই চারজনকে ইমেইল করা হয়। পরদিন শিক্ষা মন্ত্রণালয়ে তা (প্রতিবেদন) দিয়ে আসা হয়। গেটে তা রিসিভ করা হয়েছিল।”
নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেয়াসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কাজে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয় বলে ৩০ জুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় পাস করিয়ে দেয়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, অডিট, ভুয়া সনদ, পাঠ্যক্রম, বিভাগ অনুমোদন ও অনুষদ অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পরিদর্শন, ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন কাজে ৫০০ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে গবেষণায়।
এছাড়া অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সংরক্ষিত তহবিলের ভুয়া রশিদে তিন কোটি টাকা দেয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করে টিআইবি।
শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আনুষ্ঠানিকভাবে টিআইবির এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে।
এছাড়া রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের নিয়ে দীর্ঘক্ষণ সভা করেও টিআইবিকে তাদের প্রতিবেদনের সত্যতা নিশ্চিতে তথ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
