২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রত্যাখ্যান না করে উত্তরণের ব্যবস্থা নিন’

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান না করে পরিস্থিতির উত্তরণে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 12:25 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন সঠিক নয় বলে বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বক্তব্য দেয়ার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো টিআইবির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “টিআইবি আশা করে, আলোচ্য প্রতিবেদনকে প্রত্যাখ্যান না করে শিক্ষা মন্ত্রণালয় ও মঞ্জুরী কমিশন উচ্চশিক্ষা নিয়ে চলমান সুশাসনের ঘাটতি থেকে উত্তরণে কালক্ষেপণ না করে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

সোমবার টিআইবির একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেয়াসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে কোটি-কোটি টাকার অবৈধ লেনদেন হয়।

তাদের ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে টিআইবি।

দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তাদের ‘বেসরকারী বিশ্ববিদ্যালয়: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণাটি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণপূর্বক প্রণীত একটি গুণগত গবেষণা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন বা শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে না দিয়ে বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শাসন প্রতিষ্ঠায় সহায়তা করাই এই গবেষণার উদ্দেশ্য।”

গবেষণায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী, ২২টি নির্বাচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সদস্য, উপাচার্য, উপ-উপাচার্য, সিন্ডিকেট সদস্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।