২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির প্রতিবেদন সঠিক নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 06:11 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

এইচএসসিতে প্রশ্ন ফাঁসের তদন্ত প্রতিবেদনের বিষয়ে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এই দাবি করেন।

নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেয়াসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কাজে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয় বলে সোমবার গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় পাস করিয়ে দেয়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, অডিট, ভুয়া সনদ, পাঠ্যক্রম, বিভাগ অনুমোদন ও অনুষদ অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পরিদর্শন, ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন কাজে ৫০০ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে গবেষণায়।

এছাড়া অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সংরক্ষিত তহবিলের ভুয়া রশিদে তিন কোটি টাকা দেয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করে টিআইবি।

এই প্রতিবেদনের বিষয়ে নাহিদ বলেন, “দুই বছর ধরে তারা (টিআইবি) তদন্ত করছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। তাদের এ প্রতিবেদন সঠিক বলে মনে করি না, সবক্ষেত্রে এমন হচ্ছে এটা ঠিক নয়।”

টিআইবির প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) পাঁচ দিনের মধ্যে সকল তথ্য সংগ্রহ করবে।

আগামী এক সপ্তাহের মধ্যে পুরো বিষয়টি সম্পর্কে তথ্য নিয়ে সাংবাদিকদের জানানো হবে বলেও জানান মন্ত্রী।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থ লেনদেনের ঘটনা সত্য হলে কেউ রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আগের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে দাবি করে নাহিদ বলেন, শিক্ষার নামে ব্যবসা করায় আমরা ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আদালতের মাধ্যমে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিবাদ

টিআইবির প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে অ্যাসোসিয়েশন অব নন-গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এএনইউবি) এক বিবৃতিতে বলেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়।

এএনইউবির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, টিআইবি প্রকাশিত প্রতিবেদনে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ২২টি বিশ্ববিদ্যালয়ের ওপর জরিপ পরিচালনা করায় অসম্পূর্ণ তথ্য উঠে এসেছে।

“এই অসম্পূর্ণ ও অপূর্ণাঙ্গ তথ্যভিত্তিক প্রতিবেদন শিক্ষার্থী, অভিভাবকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়।”

“ঢালাওভাবে অভিযোগ করে দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবেন না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের উচ্চতর আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটিয়েছে”, টিআইবির উদ্দেশে বলেন কবির হোসেন।

পুরনো খবর:

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবৈধ লেনদেন সব পর্যায়ে’
টিআইবির গবেষণা: শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবাদ