টিআইবির গবেষণা: শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবাদ
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে টিআইবির গবেষণার একটি অংশের প্রতিবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনসহ উপাচার্য, উপ-উপাচার্য নিয়োগে আর্থিক লেনদেনের ঘটনা সত্য নয় বলে দাবি করা হয়েছে।
তবে টিআইবির প্রতিবেদনে অন্য যেসব বিষয় উত্থাপন করা হয়েছে সেগুলো নিয়ে কোনো মন্তব্য করেনি শিক্ষা মন্ত্রণালয়।
নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেয়াসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কাজে কোটি-কোটি টাকার অবৈধ লেনদেন হয় বলে সোমবার গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় পাস করিয়ে দেয়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, অডিট, ভুয়া সনদ, পাঠ্যক্রম, বিভাগ অনুমোদন ও অনুষদ অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পরিদর্শন, ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন কাজে ৫০০ থেকে তিন কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে গবেষণায়।
এছাড়া অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সংরক্ষিত তহবিলের ভুয়া রশিদে তিন কোটি টাকা দেয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করে টিআইবি।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোনো ধরণের তথ্য প্রমাণ ব্যতীত ঢালাওভাবে বিশ্ববিদ্যালয়ের অনুমোদনসহ ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগে যে আর্থিক লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে তা অসত্য।”
ইউজিসির সুপারিশের আলোকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অনুমোদন দেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
“অন্যান্য প্রশাসনিক ও একাডেমিক বিষয়গুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব পরিচালনা বোর্ড কর্তৃক সম্পন্ন করা হয়ে থাকে, যেখানে শিক্ষা মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত নয়।”
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা না বলেই টিআইবি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
