‘প্রতিবেশি দেশের তৈরি মাদকেই বাংলাদেশ ভুক্তভোগী’
প্রতিবেশি দেশগুলোতে তৈরি মাদকের কারণেই বাংলাদেশ ‘ভুক্তভোগী’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার রাজধানীর ইস্কাটনে সুইড বাংলাদেশ কনভেনশন সেন্টারে ঝলক ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস নিয়ে আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দেশ ইয়াবা বা ফেন্সিডিল তৈরি কোনোটি করে না, পাশ্ববর্তী দেশ তৈরি করে আর আমরা এর ভুক্তভোগী হচ্ছি।”
তিনি বলেন, “মাদক সেবনকারীদের চেয়ে মাদক ব্যবসায়ীদের বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে। অনেক ক্ষেত্রেই মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হওয়ার পরও সাক্ষী না পাওয়ায় আদালত থেকে ছাড়া পেয়ে যায়, এজন্য বর্তমানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হচ্ছে।”
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “মাদকের আসামী সব জেলখানাগুলোতে বিপুল রয়েছে, তারপরও মাদক ব্যবসা হচ্ছে, কারণ ইয়াবার মতো মাদক যেকোন লোক দশ থেকে বিশটি নিয়ে চলাচল করতে পারেন।
“ইয়াবা প্রতিরোধে টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে আরো কঠোর হওয়া হবে। তবে কেবল আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে মাদক প্রতিরোধ করা যাবে না, সবাইকে এর ভয়াবহতা নিয়ে কথা বলতে হবে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ বলেন, “সীমান্তের ওপারে ভারতে ফেনসিডিল তৈরি হচ্ছে এবং মায়ানমার সীমান্তে ফ্যাক্টরি বসিয়ে ইয়াবা তৈরি হচ্ছে, সেখানে আমাদের দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।
“মাদকের আসার নির্দিষ্ট কোন রুট নেই। মাদক ব্যবসার সঙ্গে হাজার হাজার মানুষের ব্যবসায়িক সম্পর্ক থাকে, মাদকমুক্ত হতে রাষ্ট্র ও সমাজের পাশাপাশি পরিবারকেও এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এশিয়ান টেক্সটাইল এর চেয়ারম্যান মো. হারুন উর রশিদ উপস্থিত ছিলেন।
