২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি খাদ্য গুদামের চাল-গম উধাও

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও সরকারি খাদ্য গুদামের বিপুল পরিমাণ চাল ও গমের কোনো হিসাব পাওয়া যায়নি।

আল ইমরান শোভন

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

এ ঘটনায় জেলা প্রশাসন ওই খাদ্য গুদামটি সিলগালা করে দিয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি জরুরিভাবে খাদ্য সচিবকে জানানো হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইমসাইল হোসেন জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের চাঁদপুর জেলার ৮ উপজেলায় অবস্থিত খাদ্য গুদামগুলো পরিদর্শনে পাঠানো হয়।

মতলব দক্ষিণ উপজেলা খাদ্য গুদাম পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা।

তিনি বৃহস্পতিবার সকালে ওই গুদাম পরিদর্শনে গিয়ে স্টক রেজিস্টারের সঙ্গে বর্তমান স্টকের ব্যাপক অনিয়ম দেখতে পান। শেষে তল্লাশি চালিয়ে দেখতে পান গুদামে চালের যে স্টক থাকার কথা তার চাইতে এক হাজার পাঁচশ বস্তা চাল এবং ২২৩ বস্তা গম কম রয়েছে।

সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি তাকে (জেলা প্রশাসক) জানালে তিনি গুদামটি সিলগালা করার নির্দেশ দেন।

সে অনুযায়ী দুপুর দুটায় ম্যাজিষ্ট্রেট গুদামটি সিলগালা করে দেন বলে জেলা প্রশাসক জানান।

জেলা প্রশাসক আরো বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে ফ্যাক্সে খাদ্য সচিবকে অবহিত করা হয়েছে। লোপাট হওয়া গমের সরকারি দাম ২ লাখ ৬ হাজার একশ টাকা ও চালের দাম ১৬ লাখ ৫০ হাজার টাকা।

ম্যাজিস্ট্রেট রুনা লায়লা জানান, গুদাম রেজিস্টারের হিসাব অনুযায়ী সাত হাজার ৩৩২ বস্তা চাল ও চার হাজার ২২৯ বস্তা গম থাকার কথা ছিল। কিন্তু চাল পাওয়া গেছে ৫ হাজার ৮৩২ বস্তা এবং গম পাওয়া গেছে ৪ হাজার ১৬ বস্তা।