২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ পুনঃতফসিল: বিশেষ সুযোগ ‘বাড়ছে না’

রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংক গ্রাহকদের খেলাপি ঋণ পুনঃতফসিলের জন্য বাংলাদেশ ব্যাংক যে বিশেষ সুবিধা দিয়েছিল, তা সোমবার শেষ হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 09:35 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

এই সুবিধার মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। ফলে এরপর খেলাপি ঋণের হিসেব আবার আগের নিয়মে করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫৬ হাজার ৭২০ কোটি টাকা।

ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমে ৪০ হাজার ৫৮৩ কোটি টাকায় নেমে আসে। মার্চ শেষে তা আবার বেড়ে ৪৮ হাজার ১৭২ কোটি টাকায় পৌঁছে।

পুনঃতফসিলের শর্ত শিথিল করায় গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ অনেকটা কমে এলেও মার্চ শেষে তা আবার বেড়ে যায় বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।

রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছরের ২৩ ডিসেম্বর কৃষি ও শিল্প খাতের ঋণ পুনঃতফসিলের শর্ত শিথিল করে কেন্দ্রীয় ব্যাংক। তার আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্যও একই সুবিধা দেয়া হয়।

এই সুবিধা দেয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অল্প পরিমাণ এককালীন নগদ জমা (ডাউন পেমেন্ট) দিয়ে খেলাপি ঋণ নবায়নের সুযোগ পান।

তবে সুনির্দিষ্ট কারণে দেয়া এই সুবিধার সময় আর বাড়াতে চাইছে না কেন্দ্রী ব্যাংক। 

এস কে সুর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক ব্যবসায়ী একই ঋণ একাধিকবার পুনঃতফসিল করে নিয়েছেন। এরপর আর কোনোভাবেই এর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই।”

শিথিলতার নির্ধারিত সময় শেষ হলে আগামী ১ জুলাই থেকে আবার আগের নিয়মে ঋণ পুনঃতফসিল শুরু হবে।

খেলাপি ঋণের সংস্কৃতি পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে সুর চৌধুরী বলেন, “পুনঃতফসিলের শর্ত শিথিল করে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটানো যাবে না। ঋণ গ্রহীতাদের আচরণে পরিবর্তন আনতে হবে, সময়মতো ঋণ পরিশোধ করতে হবে।”

ব্যাংক খাতে আন্তর্জাতিক চর্চা অনুসরণের কথা বলে ২০১২ সালের জুন মাসে ঋণ শ্রেণিকরণ ও পুনঃতফসিল এবং প্রভিশনের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনা হয়।

এতে ঋণ শ্রেণিকরণে যেমন কড়াকড়ি আরোপ করা হয়, তেমনি পুনঃতফসিলের সুযোগ কমিয়ে আনা হয়। এর পাশাপাশি খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকের প্রভিশন রাখার হারও বাড়ানো হয়।

এরপর ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স-এবিবি, ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-বিএবি ও এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে গত বছর নীতিমালার কয়েকটি শর্ত শিথিল করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

এরপর রাজনৈতিক সংঘাতের কারণে আবার বিশেষ সুযোগ দেয়ায় হয় ঋণ খেলাপিদের।

বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জুন ও ডিসেম্বর প্রান্তিকে ব্যাংকের খেলাপি ঋণ আদায় অন্যান্য সময়ের তুলনায় বেশি হয়। যে কারণে গত ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ এমনিতেই কিছুটা কমেছিল। তাছাড়া পুনঃতফসিলের শর্ত শিথিল করায় অনেক ঋণ নবায়ন করে ব্যাংকগুলো।

শিথিলতার মধ্যেও মার্চে খেলাপি ঋণ ৭ হাজার ৫৮৯ কোটি টাকা বেড়ে যাওয়ার বিষয়ে তারা বলেন, ডিসেম্বর শেষে যেসব ঋণ অ-শ্রেণিকৃত দেখানো হয়েছিল, সেগুলোর একটি অংশ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে না পারায় শ্রেণিকৃতই থেকে যায়। যা পরের প্রান্তিকে খেলাপি ঋণ হিসেবে দেখায় ব্যাংকগুলো।

পুরনো খবর:

কমেছে খেলাপি ঋণ, তবে ...
নিয়মিত করা খেলাপি ঋণ যথাযথভাবে আদায়ের তাগিদ
খেলাপি ঋণ বাড়ছে