২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ বাড়ছে

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে সাত হাজার কোটি টাকারও বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 12:51 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

খেলাপি ঋণ বিষয়ক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৭২ কোটি ১৬ লাখ টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৪৫ শতাংশ।

এর আগে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪০ হাজার ৫৮৩ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৯৩ শতাংশ ছিল।

সে হিসেবে এবছরের প্রথম তিনমাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে সাত হাজার ৫৮৯ কোটি ১৬ লাখ টাকা।

প্রতিবেদনে বলা হয়, মার্চ শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৭৫৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ঋণ পুন:তফসিল ও বছর শেষে ব্যাংকের আদায় বাড়ানোর উদ্যোগের ফলে ডিসেম্বরে খেলাপি ঋণ কমেছিল। কিন্তু পরবর্তীতে সেসব উদ্যোগে ভাটা পড়ায় আবার তা বাড়ছে।

তাদের মতে, রাজনৈতিক অস্থিরতার ক্ষতি পোষাতে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে বিধি-বিধানের বাইরে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়েছে, যা ব্যাংক ও ঋণ গ্রহীতা উভয়েই কাজে লাগিয়েছে। এ কারণে খেলাপি ঋণ বাড়ার পরিবর্তে কমেছে ডিসেম্বরে।

কিন্তু অনেকে এই সুযোগ নেয়ার পরেও ফের খেলাপি হয়ে পড়েছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চ শেষে সরকার মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৯ কোটি টাকা, যা ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের ২১ দশমিক ৯৮ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২৯ কোটি টাকা, যা ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের ৫ দশমিক ৭৭ শতাংশ।

এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৭২৭ কোটি এবং বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ কোটি টাকা।

পুরনো খবর:

কমেছে খেলাপি ঋণ, তবে ...