নিয়মিত করা খেলাপি ঋণ যথাযথভাবে আদায়ের তাগিদ
বিশেষ সুবিধায় যেসব খেলাপি ঋণ নিয়মিত করা হয়েছে, সেগুলো যথাযথভাবে আদায় করতে ব্যাংকগুলোকে বলেছেন গভর্নর আতিউর রহমান।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ধরে খেলাপি ঋণ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার ব্যাংকার্স সভায় এই তাগিদ দেন তিনি।
আতিউর রহমান ব্যাংকগুলোর ঋণ আদায় বিভাগকে সক্রিয় করার পাশাপাশি এসব ঋণের আরোপিত ও অনারোপিত সুদ আদায় না করে আয় খাতে না দেখাতে বলেছেন।
এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) রাখার পরামর্শও দেন দিয়েছেন গভর্নর।
কেন্দ্রীয় ব্যাংকে ওই সভায় দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। ডেপুটি গভর্নর আবুল কাশেম, এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ডিসেম্বর শেষে ব্যাংক খাতে তার আগের প্রান্তিকের (সেপ্টেম্বর) তুলনায় প্রায় ১৬ হাজার কোটি টাকা খেলাপি ঋণ কমেছে।
তবে বিশ্লেষকরা বলছেন, আদায়ের কারণে নয়, কেন্দ্রীয় ব্যাংক বিধান শিথিল করায় খেলাপি ঋণ কমেছে।
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসায়ীদের দাবির মুখে গত ডিসেম্বরে খেলাপি ঋণ পুনঃতফসিল (নিয়মিতকরণ) করার ক্ষেত্রে নিয়ম শিথিল করে ডাউন পেমেন্ট (এককালীন জমা) দেয়ার বাধ্যবাধকতা তুলে নেয়।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী খেলাপি ঋণ পুনঃতফসিল করতে হলে ঋণের প্রকার অনুযায়ী ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডাউন পেমেন্ট দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
আতিউরও স্বীকার করেছেন, খেলাপি ঋণ কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ প্রভাব ফেলেছে।
সভা শেষে ডেপুটি গভর্নর সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমরা বলেছি, যেসব খেলাপি ঋণ বিশেষ সুবিধায় নিয়মিত করা হয়েছে, সেগুলোর আদায় ঠিকমতো করতে হবে।”
এছাড়া ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় আগে তিন মাস ছিল, সেটা কমিয়ে দুই মাস করা হয়েছে বলে জানান তিনি।
পুঁজিবাজারে বিনিয়োগ কমানোর পরামর্শ
যেসব ব্যাংকের পুঁজিবাজারে সীমাতিরিক্ত বিনিয়োগ রয়েছে, তা ধীরে ধীরে কমিয়ে আনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, ব্যাংকগুলোর তাদের সীমাতিরিক্ত বিনিয়োগ একবারে কমালে পুঁজিবাজারে আবার ধ্স নামতে পারে।
সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগে সীমা নির্ধারণ করা হয়েছে। তাতে বলা হয়েছে ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে।
ডেপুটি গভর্নর সুর চৌধুরী বলেন, “কিন্তু অনেক ব্যাংকের এই বিনিয়োগের পরিমাণ নির্ধারিত সীমার বেশি রয়েছে। তাদেরকে বলা হয়েছে, আগামী তিন বছরে ধাপে ধাপে বিনিয়োগ সীমার মধ্যে নিয়ে আসতে।
“কোনো ব্যাংক যাতে একবারেই হঠাৎ করে কমিয়ে না আনে সেজন্য পরামর্শ আজ দেয়া হয়েছে। কারণ হঠাৎ করে কমিয়ে নিলে বাজারে আবার আঘাত লাগতে পারে।”
কমেছে খেলাপি ঋণ, তবে ...
