২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বর্ণাঢ্য রথযাত্রা

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 09:08 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

রোববার বিকালে নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে এই ধর্মীয় শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি নগরীর গোল পাহাড় মোড়, চট্টেশ্বরী সড়ক, কাজীর দেউড়ি, জামালখান সড়ক, চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা ঘুরে নন্দনকানন এসে শেষ হয়।

নগরীতে রথযাত্রার ‍আলাদা শোভাযাত্রা আয়োজন করে তুলসী ধাম, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও বিভিন্ন পাড়া-মহল্লার মন্দির কর্তৃপক্ষ। তবে বিকালে সব শোভাযাত্রা নগরীর নানা পথ ঘুরে চেরাগী পাহাড় এলাকায় এসে মিলিত হয়।

শোভাযাত্রায় ছিল হাতি, ঘোড়া আর ট্রাকের বহর। প্রায় শ’খানেক ট্রাকে দেব-দেবীর সাজে সেজেছিল শিশু-কিশোররা। ধর্মীয় গানের সুরে নেচে-গেয়ে শোভাযাত্রায় শামিল হয় সব বয়সী মানুষ।

গাড়ির ওপর সাজানো মন্দির ও আসনে ঠাঁই পায় জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। ছিল রাধা-কৃষ্ণসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তিও। শোভাযাত্রায় বিভিন্ন ধরনের মুখোশও ছিল। 

নগরীর বিভিন্ন এলাকা অতিক্রমের সময় পথচারী ও স্থানীয়রা রাস্তার দু’পাশে জড়ো হয়ে শোভাযাত্রা দেখেন। 

আগামী ৭ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসব শেষ হবে।